পরিবেশ অধিদপ্তরের ‘নিষ্পাপ ভুল’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্রিনিষিদ্ধ পলিথিন ব্যাগ আটক করে তা আবার একই অবস্থায় বিক্রি করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। নিয়ম হচ্ছে, মেশিন দিয়ে কেটে টুকরা করে বিক্রি করতে হবে। কিন্তু অধিদপ্তরের কর্মকর্তাদের একটি ‘নিষ্পাপ ভুল’-এ ভালো পলিথিন ব্যাগই বিক্রি করে দেওয়া হয়েছে।১ অক্টোবর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা চট্টগ্রামের বাকলিয়া থানার ফজলু আলী মুন্সি সড়কের একটি গুদাম থেকে ২১ দশমিক ৩০ টন পলিথিনের একটি বড় চালান আটক করেছেন। এ পলিথিন ব্যাগ ঢাকার পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে নেওয়া হয়েছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও এ পলিথিন কেন্দ্রীয় কার্যালয়ের ভান্ডার থেকে এসেছে বলে স্বীকার করেছেন।দরপত্রের মাধ্যমে ৫০ মেট্রিক টন পলিথিন কিনেছিল মেসার্স শাহ মালেকিয়া (রা.) আল জিলানি প্লাস্টিক। এর মধ্যে গত ২৯ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের দুজন পরিদর্শকের উপস্থিতিতে আগারগাঁওয়ের প্রধান কার্যালয় থেকে ২১ দশমিক ৩০ মেট্রিক টন পলিথিনের একটি চালান বুঝে নিয়েছিল প্রতিষ্ঠানটি। কেটে টুকরা করে ওজন দরে নেওয়ার শর্তে দরপত্রের মাধ্যমে ২৯ লাখ টাকায় এসব পলিথিন কেনা হয়।রাজধানীর কারওয়ান বাজার ও বাবুবাজারের পলিথিনের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, নতুন হিসেবে মোট ৫০ মেট্রিক টন পলিথিনের বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। আর পুরোনো হিসেবে এর বাজারমূল্য কমপক্ষে পাঁচ কোটি টাকা।বিক্রিনিষিদ্ধ পলিথিন ব্যাগ আটকের অভিযান যথেষ্ট আগ্রহ নিয়ে করে থাকে পরিবেশ অধিদপ্তর। আর আটক হওয়া পলিথিন ব্যাগ নিলামে বিক্রির নামে দুর্নীতিতেও যথেষ্ট উৎসাহ রয়েছে বলে সূত্রগুলো জানায়। পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক আবুল মনসুর বিষয়টিকে ‘নিষ্পাপ ভুল’ হিসেবে উল্লেখ করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, গুদাম থেকে পলিথিনগুলো ট্রাকে তোলার সময় তাড়াহুড়ার কারণে বেশ কিছু পলিথিন ছিদ্র করা হয়নি। কার্যাদেশে পলিথিন কেটে টুকরা করে বিক্রির কথা থাকলেও তা কেন করা হলো না, এ প্রশ্নের জবাবে আবুল মনসুর বলেন, যথেষ্ট পরিমাণে যন্ত্র না থাকায় গজাল দিয়ে তা ছিদ্র করে ট্রাকে তোলা হয়েছিল। পলিথিন ব্যাগ আটক অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম র‌্যাবের উপসহকারী পরিচালক আলী হায়দার খান জানান, ‘আটক হওয়া পলিথিন ব্যাগের সবগুলোই প্যাকেটজাত অবস্থায় গুদামে পাওয়া গেছে। কাটা তো দূরের কথা, কোনো প্যাকেটও খোলা অবস্থায়ও ছিল না।’আবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত প্রধান তাজমিনুর রহমানের পক্ষে ঢাকায় এ নিয়ে যে চিঠি লেখা হয়েছে, তাতে জব্দ হওয়া পলিথিন না কেটে ভালো অবস্থায় নিয়ে যাওয়া নিয়ে কিছুই বলা হয়নি। বরং চিঠিতে জানানো হয়, জিলানি প্লাস্টিকের মালিক জব্দ হওয়া পলিথিন ব্যাগ ফেরত চাইছেন। ওই চিঠিতে পলিথিন ব্যাগ ফেরত দেওয়ার আবেদন বিবেচনা করার কথাও বলা হয়েছে। র‌্যাবের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলী প্রথম আলোকে বলেন, পলিথিনগুলো ভালো অবস্থায় আটকের পর তা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতেই গুদামে সিলগালা করে রাখা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে এ নিয়ে বাকলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, সচিব মেসবাহ-উল-আলম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার হোসেন এবং চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আলম দেশের বাইরে থাকায় এ ব্যাপারে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে। কাটার যন্ত্র নেই!: পরিবেশ অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, আটক হওয়া পলিথিন পুনঃপ্রক্রিয়াজাত করার কাজে ব্যবহারের জন্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিক্রির কার্যাদেশের শর্তে লেখা আছে, পলিথিন ব্যাগগুলো কেটে ওজন দিয়ে সরবরাহ করতে হবে। কাটা পলিথিন কিনে তা মেশিনের সাহায্যে গুঁড়া-দানা করে নিষিদ্ধ নয় এমন পণ্য যেমন বালতি, বদনা, জেরিক্যান তৈরি করতে হবে। দরপত্রে প্রতি কেজি ৫৭ টাকা ৫০ পয়সা সর্বোচ্চ দর দিতে রাজি হওয়া ওই পলিথিন কেনার কার্যাদেশ পায় চট্টগ্রামের চাক্তাই এলাকার প্রতিষ্ঠান মেসার্স শাহ মালেকিয়া (রা.) আল জিলানি প্লাস্টিক। প্রতিষ্ঠানটি ২০১০ সাল থেকে বড় পলিথিন তৈরির কাজ করছে। মূলত চালকলে ও মাছের আড়তে ব্যবহারের জন্য বড় পলিথিন তৈরি করা হয়। জিলানি প্লাস্টিকের স্বত্বাধিকারী তৌহিদ উদ্দিন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘আমি ভাই এক বছর ধরে এই ব্যবসায় নামছি। দরপত্রে অংশ নিয়ে কেনার কার্যাদেশ পাইছি। পরিবেশ অধিদপ্তরের লোকেরা যদি পলিথিন ব্যাগ ছিদ্র বা কেটে না দেন, তাহলে আমার কী করার আছে।’পরিমাণ জানে না পরিবেশ অধিদপ্তর: ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মোট ৫৯৬টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিপুল পরিমাণে পলিথিন জব্দ করা হয়। এ সময়ে কী পরিমাণ পলিথিন আটক হয়েছে, তার সঠিক হিসাব দিতে পারেননি পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মহানগর বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, জব্দ হওয়া পলিথিনের পরিমাণ কত তার পূর্ণাঙ্গ হিসাব এখনো শেষ করে আনতে পারেননি। মোট পরিমাণ না জেনে কীভাবে দরপত্র ডেকে তা বিক্রির সিদ্ধান্ত নিলেন—এ প্রশ্ন তুললে সুকুমার বিশ্বাস বলেন, জিলানি প্লাস্টিক এ পর্যন্ত দুই দফায় ১৬ ও ২১ টন পলিথিন ব্যাগ ভান্ডার থেকে নিয়ে গেছে। এখন হিসাব করা হবে কী পরিমাণে পলিথিন আছে।