পরিবেশ আইন ভঙ্গের অভিযোগে অলিকে হাইকোর্টে তলব
পরিবেশ আইন অনুসরণ না করে কক্সবাজার সমুদ্রসৈকতে স্থাপনা নির্মাণের অভিযোগে কর্নেল অলি আহমদকে ২৮ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে । এ বিষয়ে ব্যাখ্যা জানাতে ওই দিন তাঁকে হাজির হতে বলা হয়।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশের পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে রুলও জারি করেন। আজ ডেইলি স্টারে ‘অলি’স ক্যাসল অন বিচ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি আদালতের নজরে আনেন এবং পড়ে শোনান বেলার আইনজীবী ইকবাল কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। রুলে আইন অনুসরণ না করে ওই স্থাপনা নির্মাণের অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং নির্মিত স্থাপনা কেন ভেঙে ফেলা হবে না, তা জানতে চাওয়া হয়। পরিবেশসচিব, ভূমিসচিব, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ১২ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পরে ইকবাল কবির প্রথম আলো অনলাইনকে বলেন, ওই স্থানে স্থাপনা নির্মাণকাজ বন্ধের বিষয়টি নিশ্চিত করতে কক্সবাজারের জেলা প্রশাসক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।প্রতিবেদনে বলা হয়, কর্নেল অলি আহমদ পরিবেশ আইন লঙ্ঘন করে সমুদ্রসৈকতের ঝাউ বনে চারতলা একটি ভবন নির্মাণ করছেন, যা পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় পড়েছে।বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ওই এলাকায় সব ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ।