পরিবেশ আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা ও পাঁচ বছরের কারাদণ্ডের বিধান করেছে সরকার। এ ছাড়া পরিবেশদূষণ রোধে প্রতি জেলায় পরিবেশ আদালত স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘পরিবেশ আদালত আইন, ২০১০’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ আইনে এসব বিধানের কথা বলা হয়েছে।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ তথ্য অধিদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, পরিবেশদূষণ নিয়ন্ত্রণে ও শৃঙ্খলায় আনতে এ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে খসড়াটির নীতিগত অনুমোদন হয়। প্রেস সচিব বলেন, প্রস্তাবিত আইনে ক্ষেত্র বিশেষে উভয় দণ্ডেরও বিধান রাখা হয়েছে।বৈঠকে বাংলাদেশ বন্য প্রাণী আইন, ২০১০-এর খসড়ার নীতিগত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। এ আইনে বন্য প্রাণী শিকার, হত্যা এবং আইন লঙ্ঘনের জন্য সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ তিন লাখ টাকা জরিমানা বিধানের প্রস্তাব করা হয়েছে। শাস্তি হিসেবে কারাদণ্ডের প্রস্তাব করা হয়েছে দুই বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত।প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ বিষয়ে জানান, বন্য প্রাণী নিধনের ফলে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে, বিলুপ্তির মধ্যে অনেক বন্য প্রাণী। এ অবস্থায় বন্য প্রাণী সংরক্ষণে আইনের খসড়ার নীতিগত অনুমোদন করা হয়েছে।আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণবিষয়ক প্রতিষ্ঠানের (আইইউসিএন) তথ্য অনুসারে আট প্রজাতির উভচর, ৫৮ প্রজাতির সরীসৃপ, ৪১ প্রজাতির পাখি ও ৪০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীসহ অনেক বন্য প্রাণী বিপদাপন্ন ও বিলুপ্তপ্রায় হিসেবে চিহ্নিত।গতকালের বৈঠকে ক্রীড়াসেবীদের কল্যাণে খেলোয়াড় ও তাদের পরিবারকে আর্থিক সুযোগ ও অন্যান্য সুবিধা দেওয়ার বিধান রেখে ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০১০’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।এ ছাড়াও সভায় বাংলাদেশ রাবার নীতি, ২০১০-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী জানান, নীতিমালা অনুসরণ না করলে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রস্তাবিত রাবারনীতিতে কোনোভাবেই রাবারবাগানের জন্য জমি লিজ নিয়ে চা-বাগান করা যাবে না, আবার চা-বাগানের জন্য লিজ নিয়ে রাবারবাগান করা যাবে না।সভায় ন্যাশনাল স্পোর্ট কাউন্সিল (সংশোধিত) অ্যাক্ট, ২০১০-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোন এবং মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং ফর কো-অপরাশেন অন দ্য রেসপন্স টু অয়েল অ্যান্ড কেমিক্যাল পলিউশন ইন দ্য সাউথ এশিয়া সি’জ রিজিওন স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।