পরিবেশ ইস্যুতে জাতীয় ঐকমত্য চাইলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের প্রতি পরিবেশ ইস্যুতে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।বাংলাদেশের পরিবেশবিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে গতকাল সোমবার খালেদা জিয়া এ আহ্বান জানান। পরিবেশ ইস্যুতে সব ধরনের সহযোগিতা দিতে বিএনপি তৈরি আছে বলেও জানিয়েছেন বিরোধীদলীয় নেত্রী। তিনি বলেন, ‘পরিবেশের বিষয়টি কোনো দলীয় এজেন্ডা নয়, এটা জাতীয় অস্তিত্বের সঙ্গে জড়িত। কাজেই অন্তত এই ইস্যুতে জতীয় ঐকমত্য গড়ে তোলার জন্য এই মঞ্চ থেকে আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক (বেন) তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে।খালেদা জিয়া কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনকে ব্যর্থ উল্লেখ করে বলেন, পরিবেশ বিপর্যয়ে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকা দেশ হিসেবে বাংলাদেশ ওই সম্মেলন থেকে ইতিবাচক কিছু পাবে বলে তিনি আশা করেছিলেন। তাঁর ভাষায়, ‘দুঃখের বিষয়, আমাদের সে আশা পূর্ণ হয়নি। সম্মেলন সফল হয়নি। আমাদের সরকার বাংলাদেশের কথা ঠিকমতো তুলে ধরতে পারেনি। ফলে কোপেনহেগেন সম্মেলন থেকে তেমন কিছুই পায়নি বাংলাদেশ।’বিরোধীদলীয় নেত্রী আগামী মেক্সিকো সম্মেলনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিপর্যয়ের মধ্যে থাকা দেশ হিসেবে উন্নত বিশ্বের কাছ থেকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় প্রযুক্তি-সহায়তা আদায়ের জন্য উদ্যোগ নিতে হবে। এটা বাংলাদেশ একা করতে পারবে না। ঝুঁকির মধ্যে থাকা অন্যান্য দেশকেও সংগঠিত করতে হবে। বিশ্বজনমত পক্ষে রাখতে হবে।মেক্সিকো সম্মেলনের প্রস্তুতিপর্বে দল-মতের ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করার আহ্বান জানান খালেদা জিয়া। তিনি বলেন, এর জন্য ক্ষমতার দম্ভ ও দলীয় সংকীর্ণতা পরিহার করতে হবে।খালেদা জিয়া আরও বলেন, উন্নত বিশ্বের নির্গমন করা কার্বনের শিকার হচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে প্রতিবেশী দেশ ভারত নদীর প্রবাহে বাঁধ দিয়ে আগ্রাসন চালাচ্ছে। তাদের একতরফা পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে। খালেদা জিয়া বলেন, বাংলাদেশের জনগণ নদ-নদী থেকে পানি প্রত্যাহারের কোনো প্রকল্প মেনে নেবে না। বাংলাদেশের জন্য ক্ষতিকারক ব্যারাজ অপসারণ চায় এ দেশের মানুষ। ভারতের সঙ্গে আলোচনাকালে জনগণের এসব আশা-আকাঙ্ক্ষা ও দাবির প্রতিফলন ঘটাতে হবে।বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত, উপকূলে নিবিড় বনায়ন জোরদার, সারা দেশে বানায়ন ও বৃক্ষ রোপণ করা, পাহাড় কাটা নিষিদ্ধ করা, কল-কারখানায় বর্জ্য পরিশোধনের ব্যবস্থা বাধ্যতামূলক করাসহ নানা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপির এসব পরিকল্পনা সরকার বাস্তবায়ন করলে তাঁরা খুশিই হবেন।সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপার সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ। বক্তব্য দেন বেনের প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম, নর্থ-সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী। এ সময় দর্শকসারিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি, নির্বাহী কমিটির অনেক নেতা ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।