পরিবেশ ছাড়পত্র ছাড়া আবার ১৬টি জাহাজ আমদানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশ অমান্য করে আবার পুরোনো জাহাজ আমদানির অভিযোগ উঠেছে। কেবল সমুদ্র পরিবহন অধিদপ্তরের অনাপত্তিপত্র নিয়ে জাহাজভাঙা শিল্প মালিকেরা ১৬টি পুরোনো জাহাজ আমদানি করেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী এ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বিধান থাকলেও তা মানা হচ্ছে না। ১৬টি পুরোনো জাহাজের চারটি ইতিমধ্যে ইয়ার্ডে আনা হয়েছে।জানা গেছে, ইতিপূর্বে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এমভি বাদরি ও এমটি বিও নামের দুটি জাহাজ আমদানির ক্ষেত্রে অনাপত্তি দেওয়ায় সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান রসায়নবিদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ ছয়জনকে গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্টে তলব করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে তখন আদালত অবমাননার মামলা করা হয়।জানা গেছে, গত বছরের ১৭ মার্চ আদালতের এক রায়ে জাহাজ ভাঙার ব্যাপারে নয় দফা নির্দেশনা দেন হাইকোর্ট। এতে বাংলাদেশে আমদানি করা জাহাজের বর্জ্যমুক্তকরণ (প্রিক্লিনিং) নিশ্চিত করতে এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ নিশ্চিত করতে অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে সমুদ্র পরিবহন অধিদপ্তরের অনাপত্তিপত্র দেওয়ার কথা বলা হয়। তবে সমুদ্র পরিবহন অধিদপ্তর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এমভি বাদরি ও এমটি বিও জাহাজ আমদানির জন্য ২ সেপ্টেম্বর অনাপত্তিপত্র দিয়েছিল।অভিযোগ পাওয়া গেছে, একইভাবে সমুদ্র পরিবহন অধিদপ্তরের অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে এখন নতুনভাবে জাহাজ আমদানি করা হচ্ছে। ২২ নভেম্বর পর্যন্ত কাটার জন্য চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ১৬টি পুরোনো জাহাজ আমদানি করা হয়েছে। এর মধ্যে কিছু বহির্নোঙরে ও চারটি ইয়ার্ডে ভেড়ানো হয়েছে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আমদানি করা ১৬টি পুরোনো জাহাজের মধ্যে ৭ নভেম্বর বহির্নোঙরে আসে পাঁচটি। এগুলো হলো রেইন, ল্যান্সার, প্রানম, হিরু ও ভয়াগার। এ ছাড়া আউয়ার রিভার ২ নভেম্বর, এভিল ১১ নভেম্বর, উলো মা উইয়া ৫ আগস্ট, নরসুল ১৭ জুলাই, ইস্টার্ন সি ১০ সেপ্টেম্বর, পেটন ৩০ সেপ্টেম্বর, টোপাজ ৩০ সেপ্টেম্বর, ইসমার ১১ জুলাই, পাওয়ার ও আইএনএ ৪ অক্টোবর এবং ফিলোক্সিনা ১৯ অক্টোবর বহির্নোঙরে পৌঁছায়।প্রসঙ্গত, পরিবেশ অধিদপ্তর অক্টোবরের শেষ সপ্তাহে ১৬টি শিপব্রেকিং ইয়ার্ডকে পরিবেশগত ছাড়পত্র দেয়। এসব প্রতিষ্ঠান হচ্ছে ম্যাক করপোরেশন, এআরএল শিপব্রেকিং, কবির স্টিল লি., রতনপুর স্টিল, যমুনা স্টিল, পিএইচপি শিপব্রেকিং, প্রাইম শিপব্রেকিং ইয়ার্ড, এসএন করপোরেশন, বিবিসি স্টিল, কেএসবি স্টিল, আছাদি স্টিল এন্টারপ্রাইজ, এস ট্রেডিং, এসকে শিপব্রেকার, পেনিনসুলা স্টিল, এসএইচ এন্টারপ্রাইজ ও সিকো স্টিল। ইয়ার্ডের পরিবেশগত ছাড়পত্রের বাইরে জাহাজ আনার ক্ষেত্রে প্রতিটি জাহাজকে পরিবেশগত ছাড়পত্র নিতে হবে।চট্টগ্রাম বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশগত ছাড়পত্র ও সমুদ্র পরিবহনের ছাড়পত্র পাওয়ার পর আমরা ইয়ার্ডে পুরোনো জাহাজ ভেড়ানোর অনুমতি দিচ্ছি। ১৫-১৬টি জাহাজ এসেছে। কিছু কিছু ইয়ার্ডে ভেড়ানোর অনুমতি পেয়েছে।’তবে পরিবেশ অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, নতুন করে আমদানি করা কোনো জাহাজের জন্য তাদের কাছ থেকে এখনো কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। ইয়ার্ড মালিকেরা জাহাজের ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছে। অধিদপ্তর তা মন্ত্রণালয়কে জানানোর পর বহির্নোঙরে অবস্থানরত জাহাজগুলো পরিদর্শনের জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে। ওই কমিটি ইতিমধ্যে জাহাজ পরিদর্শন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছে।পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক মো. সাইফুল আশ্রাব বলেন, ‘যাঁরা ইতিমধ্যে ইয়ার্ডের ছাড়পত্র পেয়েছেন, তাঁরা কিছু জাহাজ এনেছেন। কমিটি বহির্নোঙরে জাহাজগুলো পরিদর্শন করে প্রতিবেদন দিয়েছে বলে শুনেছি। তবে এখনো কোনো ছাড়পত্র দেওয়া হয়নি।’বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এভাবে জাহাজ আমদানি আদালতের নির্দেশের সুস্পষ্ট লঙ্ঘন। সমুদ্র পরিবহন অধিদপ্তর এর আগেও জাহাজ আমদানির অনাপত্তিপত্র দিয়ে আদালত অবমাননা করেছিল। পরিবেশগত ছাড়পত্র পাওয়ার আগে সমুদ্র পরিবহন অধিদপ্তর অনাপত্তিপত্র দিতে পারে না। তাই তারা আবার আদালত অবমাননা করেছে।