পরিবেশ ছাড়পত্র নিতে ৮৪টি জাহাজভাঙা ইয়ার্ডকে নোটিশ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় এলাকা বরাবর গড়ে ওঠা পুরোনো জাহাজ ভাঙার (শিপ ব্রেকিং) ৮৪টি ইয়ার্ডকে পরিবেশ ছাড়পত্র নেওয়ার নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে দুই সপ্তাহ ধরে পর্যায়ক্রমে বিশেষ বাহক মারফত এসব নোটিশ ওই ইয়ার্ডগুলোতে পৌঁছানো হয়। নোটিশে সম্ভাব্য কম সময়ের মধ্যে এই ইয়ার্ডগুলোকে পরিবেশ ছাড়পত্র নেওয়ার অনুরোধ জানানো হয় এবং তা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১২ নম্বর ধারায় এ ধরনের শিল্প-প্রতিষ্ঠানের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭-তে শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোর জন্য পরিবেশ ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা আছে। অধিদপ্তর ওই আইন ও বিধি অনুযায়ী এ নোটিশ জারি করেছে।জানা যায়, পরিবেশ আইনের এই ধারা অমান্য করা হলে অনধিক তিন বছরের সশ্রম কারাদণ্ড অথবা তিন লাখ টাকা জরিমানা অথবা উভয়বিধ শাস্তির বিধান আছে। অধিদপ্তরের নির্দেশনা অমান্য করা হলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ১০ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় ধরনের শাস্তি হতে পারে।নোটিশ দেওয়ার কথা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, ‘একসময় শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েই জাহাজ কাটত। ইয়ার্ডগুলোকে এভাবে নোটিশ দেওয়া হাইকোর্টের নির্দেশনার পরিপন্থী কি না জানতে চাইলে তিনি বলেন, হাইকোর্টের আপিল বিভাগ ইয়ার্ড বন্ধ করে দেওয়ার নোটিশ স্থগিত করেছেন। আমরা পরিবেশ আইন মেনে চলার নোটিশ দিচ্ছি।’পরিবেশ অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৭ সালেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে পুরোনো জাহাজ ভাঙা হতো। সেই সময়ে ১৩টি শর্ত সাপেক্ষে জাহাজ ভাঙার অনুমোদন দেওয়া হতো। এসব শর্তের অন্যতম ছিল কোনোক্রমেই পানি বা সৈকত তেল বা তেলজাতীয় পদার্থ কিংবা ভাসমান বস্তু দ্বারা দূষিত করা যাবে না, পুরোনো জাহাজে যে পরিমাণ জ্বালানি তেল থাকবে তা সম্পূর্ণ পরিবেশসম্মতভাবে অপসারণ করতে হবে, ইয়ার্ডে অপ্রত্যাশিত অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য পর্যাপ্তসংখ্যক অগ্নিকাণ্ড প্রতিরোধক যন্ত্র মজুদ রাখতে হবে, অক্সিজেন কিংবা অক্সিএসিটিলিন গ্যাস শিখা দিয়ে জাহাজ কাটার সময় যেন শ্রমিকদের চোখে কিংবা কোনো অঙ্গ-প্রত্যঙ্গে অসুবিধা সৃষ্টি না হয়, সে জন্য হ্যান্ড গ্লাভস, হেলমেট, গাম বুট, সানগ্লাস ইত্যাদি ব্যবহার নিশ্চিত করতে হবে, জাহাজ ভাঙার কাজ একমাত্র সমুদ্র পরিবহন অধিদপ্তরের অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া অন্য কারও দ্বারা করা যাবে না, জাহাজের জ্বালানি তেল অনুমোদিত ট্রেড লাইসেন্সধারী ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া অন্য কারও কাছে বিক্রি করা যাবে না, জাহাজ ভাঙার অগ্রগতি প্রতি তিন মাস অন্তর প্রতিবেদন আকারে পরিবেশ অধিদপ্তরকে অবহিত করা ইত্যাদি। এসব শর্তের কোনোটি অমান্য করা হলে পরিবেশ অধিদপ্তরের দেওয়া ছাড়পত্র বাতিল বলে গণ্য হতো।সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, প্রাথমিকভাবে অধিদপ্তরের এসব শর্ত মানা হলেও জাহাজ ভাঙা ইয়ার্ডগুলোতে মাটি ও পানিদূষণ এবং দুর্ঘটনায় প্রাণহানি অনেক কমানো সম্ভব হতো। এ ছাড়া কোনো জাহাজে কী ধরনের বর্জ্য আছে, সেটাও জানা যেত। জানা যায়, বর্তমানে জাহাজ আমদানির পর এটি গ্যাসমুক্ত কি না, এ ব্যাপারে বিস্ফোরক অধিদপ্তর থেকে একটি ছাড়পত্র নেওয়া হয়। এ ছাড়া জাহাজে কোন ধরনের বর্জ্য আছে, তা দেখার ব্যবস্থা নেই। অবশ্য জাহাজ আমদানির আগে সমুদ্র পরিবহন অধিদপ্তরের ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি ছাড়পত্র নিতে হয়। এই দুই ধরনের ছাড়পত্র নেওয়ার পর ইয়ার্ড-মালিকেরা জাহাজ কাটেন। কেউ কেউ জাহাজ কাটেন নিজেদের ইচ্ছামতো।একটি শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক অধিদপ্তরের নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, কোনো নীতিমালা না থাকায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোর ওপর যখন-তখন হস্তক্ষেপ করছে। সরকার সুষ্ঠু নিয়ম-নীতি করে দিলে ইয়ার্ড-মালিকদের এসব মানার ব্যাপারে কোনো আপত্তি থাকবে না। তিনি বলেন, সরকার এ খাত থেকে কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে। কিন্তু ইয়ার্ডগুলোতে যাতায়াতের রাস্তাসহ আনুষঙ্গিক খাতে এক টাকাও খরচ করেনি।