পরিবেশ-জ্ঞান নারীরই বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেছেন, যেকোনো পরিস্থিতিতে মেয়েরা মাথা ঠান্ডা রাখতে পারে। তিনি বলেন, উন্নয়শীল বিশ্বে নারীদের দেখা হয় পরিবেশ-ব্যবস্থাপক হিসেবে। কারণ পরিবেশসংক্রান্ত জ্ঞান তাদেরই বেশি থাকে। আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। এবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘সহনশীল দেশ গড়ি, সহায়ক শক্তি বালিকা ও নারী।’ প্রতিবেদনে প্রধানমন্ত্রী বলেন, প্রতি এলাকায় রেড ক্রিসেন্টের সহযোগিতায় স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়। প্রতিবছর তাদের নেওয়া হয়। নতুন নতুন প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় এই স্বেচ্ছাসেবক দল জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। তাদের তিনি ধন্যবাদ জানান। শেখ হাসিনা বলেন, ‘সকলে মিলে আমরা যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে দেশের মানুষকে রক্ষা করতে পারব। সেই বিশ্বাস আমাদের রয়েছে।’