পরিবেশ দূষণ করেও পার পাচ্ছে সরকারি প্রতিষ্ঠান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ দূষণ করেও বারবার পার পেয়ে যাচ্ছে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। দূষণের জন্য পরিবেশ অধিদপ্তর এসব প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েই তাদের দায়িত্ব শেষ করছে বলে দিন দিন পরিবেশদূষণ বেড়েই চলছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী পেপার মিল (কেপিএম), ১০০ মেগাওয়াট হাটহাজারী পিকিং পাওয়ার প্লান্ট ও ১০০ মেগাওয়াট দোহাজারী পিকিং পাওয়ার প্লান্ট অন্যতম। এসব প্রতিষ্ঠানের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই। সর্বশেষ গত ৩০ জুলাই কর্ণফুলী নদী ও আশপাশের মাটি দূষণ করে পার পেয়ে যায় দোহাজারী বিদ্যুৎকেন্দ্র। ৬০ হাজার লিটারের বেশি তেল ফেলে কর্ণফুলী দূষণের দায়ে ১৮ আগস্ট তাদের নোটিশ দেয় পরিবেশ অধিদপ্তর। ঝুঁকিপূর্ণ লাইনে তেল পরিবহন করে দূষণের অপরাধে রেলওয়েকেও নোটিশ দেওয়া হয়। এ ঘটনায় শুনানি শেষে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম এ নোটিশ দেন। জানতে চাইলে জাফর আলম বলেন, ‘ফার্নেস তেলে দূষিত হয়েছে কর্ণফুলী নদী ও খাল-বিল। তবে এটি একটি দুর্ঘটনা। আমরা তেল আনা-নেওয়ার ক্ষেত্রে আরও সাবধানতা অবলম্বন করতে নোটিশ দিয়েছি। পাশাপাশি রেললাইন সংস্কার করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে বলেছি।’এর আগে গত বছরের মে মাসে ফার্নেস তেল ফেলে দেশের প্রধান প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীদূষণের দায়ে হাটহাজারী বিদ্যুৎকেন্দ্রকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। তখনকার পরিবেশ পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা করেছিলেন। সে বার এক হাজার ৬০০ লিটার তেল ফেলেছিল সরকারি এই প্রতিষ্ঠানটি। তবে পরিবেশ মন্ত্রণালয় তাদের ক্ষমা করে দেয়। অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্র লাল শ্রেণীভুক্ত প্রতিষ্ঠান। ফার্নেস তেলের এ দুটি বিদ্যুৎকেন্দ্র থেকে তরল বর্জ্য গিয়ে পড়ে হালদা ও সাঙ্গু নদীতে। এ ছাড়া তেল খালাসের সময়ও কিছু তেল খাল-নালা হয়ে এসব নদীকে দূষিত করে বলে অভিযোগ। প্রতিষ্ঠান দুটি এখনো পরিবেশ ছাড়পত্র পায়নি।দোহাজারী বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক আরিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘আমরা অয়েল ওয়াটার সেপারেটর বসিয়েছি। তা দিয়ে বর্জ্যগুলো সংরক্ষণ করি। কেবল পানি খাল হয়ে নদীতে যায়। এতে খুব একটা দূষিত হয় না। আর পরিবেশ ছাড়পত্র প্রক্রিয়াধীন রয়েছে।’চট্টগ্রাম পরিবেশ আদালতের সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) মো. আবদুল হান্নান বলেন, ‘অপরাধ অপরাধই। সরকারি-বেসরকারি সবার জন্য আইন সমান। এভাবে সরকারপক্ষকে ছাড় দেওয়া উচিত নয়। এতে করে অন্যরা উৎসাহিত হবে।’ কর্ণফুলী নদীসহ আশপাশের পরিবেশকে সবচেয়ে বেশি দূষণ করে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বিসিআইসির পরিচালনাধীন প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিল।দূষণের কথা স্বীকার করে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম তালুকদার বলেন, ‘পরিবেশ অধিদপ্তর আমাদের এখানে এসেছিল। তারা নোটিশ করেছে। আমাদের ইটিপির (বর্জ্য শোধনাগার) নেই। এটি প্রক্রিয়াধীন রয়েছে। দেখা যাক কী করা যায়।’ পরিবেশ পরিচালক জাফর আলম বলেন, ‘কেপিএমের দূষণ বেশি। এখন প্রতিষ্ঠানটি লোকসানে চলছে। তবু আমরা চাপ দিয়ে যাচ্ছি। বেসরকারিদের আমরা যেভাবে চাপ দিতে পারি, সরকারি ক্ষেত্রে জাতীয় স্বার্থের কথা বিবেচনায় কিছুটা সীমাবদ্ধতা থাকে।’