পরিবেশ দূষণ হয়ে উঠেছে দরিদ্রকে শোষণের হাতিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এ সুন্দর পৃথিবীর অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। কয়েক বছর আগে যখন এ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হতো, তখন এটাকে অনেকেই ততটা গুরুত্ব দিত না। কিন্তু আজ গোটা বিশ্ব একমত যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধ করা না গেলে আমাদের এ পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না। আজ শুক্রবার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ‘প্রথম আলো-এমজিবিএসডিসি বিতর্ক প্রতিযোগিতা’য় ক্লাব পর্যায়ের বিতর্ক দলগুলোর বিতর্কের সারমর্ম ছিল এ কথাগুলো।আজ অনুষ্ঠিত হয় ক্লাব পর্যায়ের বিতর্কের প্রথম ও দ্বিতীয় পর্ব। এ প্রথমবারের মতো কোনো স্কুল বিতর্ক ক্লাব আয়োজিত প্রতিযোগিতায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক ক্লাব অংশ নিচ্ছে। প্রথম পর্বে বিতর্কের বিষয় ছিল, ‘বিপন্ন পরিবেশ আগামীর পৃথিবীকে একত্রীভূত করবে’ এবং ‘এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা বৈশ্বিক অর্থনীতির স্থিরাবস্থার অন্তরায়’। দ্বিতীয় পর্বের বিতর্কের বিষয় ছিল, ‘বর্তমান বিশ্বে দরিদ্রকে শোষণের প্রধান হাতিয়ার হলো পরিবেশ দূষণ’। এই দুই পর্বে বিতার্কিকদের বক্তব্যে উঠে এল পরিবেশ ও পরিবেশ বিপর্যয় নিয়ে নানা কথা। বিতার্কিকেরা পক্ষে-বিপক্ষে নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করলেও কিছু জায়গায় তাঁদের বক্তব্য ছিল একই। তাঁরা বলছেন, ‘সারা বিশ্বের পরিবেশ আজ বিপর্যয়ের মুখে। উন্নত দেশগুলোর একচ্ছত্র আধিপত্য আর খামখেয়ালিপনার কাছে তৃতীয় বিশ্বের দরিদ্র মানুষেরা আজ জিম্মি। ওদের অপকর্মের ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। আর নিজেরা পরিবেশ দূষণ করে দরিদ্র জনগোষ্ঠীকে বানাচ্ছে জলবায়ু শরণার্থী। গৃহহারা হচ্ছে হাজার হাজার মানুষ। পরিবেশ দূষণই হয়ে উঠেছে দরিদ্র শোষণের হাতিয়ার।’ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাব পর্যায়ের বিতার্কিকেরা যুক্তির মধ্য দিয়ে দেখিয়েছেন, সম্প্রতি কোপেনহেগেনে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলনে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি রোধ করতে বিশ্বনেতারা একমত পোষণ করেছেন। কিন্তু কার্বন-ডাই-অক্সাইডসহ অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গমণ সহনীয় মাত্রায় নিয়ে আসাসংক্রান্ত একটি বাধ্যবাধকতামূলক চুক্তিতে আসা সম্ভব হয়নি। এটাই প্রমাণ করে শক্তিশালী আর ধনী রাষ্ট্র এ বিষয়টাকে পুঁজি করে কীভাবে আমাদের শোষণ করছে।১৯ মে বুধবার থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ডিবেটিং ক্লাবের আয়োজনে দশম আন্তস্কুল, দ্বিতীয় শিশু ও প্রথম আন্তক্লাব এই বিতর্ক প্রতিযোগিতা চলবে ২৪ মে পর্যন্ত। এবারের প্রতিপাদ্য ‘জলবায়ু পরিবর্তন—আজকের বিশ্ব’। পাঁচ দিনের এ বিতর্ক উত্সবে ৩৬টি স্কুল দল, ৩২টি শিশু দল ও ২৪টি ক্লাব বিতর্ক দলসহ প্রায় ৯০টি বিতর্ক দল অংশ নিচ্ছে। এ বিতর্ক প্রতিযোগিতায় অনলাইন সহযোগী www.prothom-alo.com এবং রেডিও সঙ্গী এবিসি রেডিও এফএম ৮৯.২। প্রতিযোগিতায় কাল রয়েছে ক্লাব পর্যায়ের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল।