প্রথম আলো-এমজিবিএসডিসি বিতর্ক প্রতিযোগিতা
পরিবেশ-দূষণে দায়ীদের চিহ্নিত করল তার্কিকেরা
পরিবেশ-দূষণের জন্য কে বেশি দায়ী? উন্নত বিশ্ব, নাকি অনুন্নত বিশ্ব? তার্কিকদের মধ্যে সরকারি দল যখন পরিবেশ-দূষণের জন্য অনুন্নত বিশ্বকে দায়ী করে যাচ্ছে, ঠিক তখন বিরোধী দল পরিবেশ-দূষণে উন্নত বিশ্বকে দায়ী করছে। মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ‘প্রথম আলো-এমজিবিএসডিসি বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা-২০১০’এ আজ রোববার স্কুল পর্যায়ের বিতর্কের প্রথম পর্বে বিতার্কিকেরা পরিবেশ-দূষণের জন্য দায়ীদের খুঁজে বের করার চেষ্টা করেছে।সংসদীয় ধারার এই বিতর্কের বিষয় ছিল ‘পরিবেশ দূষণের জন্য অনুন্নত বিশ্ব অধিক দায়ী’। বিতর্কে সরকারি দলের মতে, পরিবেশ বিপর্যয় হচ্ছে অনুন্নত বিশ্বের অজ্ঞানতা আর অবহেলার কারণে। তারা বুঝে না-বুঝে নিজেদের লোভের ফাঁদে পড়ে নদীভরাট করছে, নিজের সুখের জন্য অন্য সবার ক্ষতি করছে। নিজের ভোগবিলাসের জন্য অবাধে গাছ কাটছে। অথচ ভাবছে না, কী পরিমাণ গাছকাটার বিপরীতে নতুন কয়টি চারাগাছ তাদের রোপণ করা উচিত। ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। অন্যদিকে বিরোধী দল বলছে, সারা বিশ্বের পরিবেশ আজ বিপর্যয়ের মুখে। উন্নত দেশগুলোর একচ্ছত্র আধিপত্য আর খামখেয়ালিপনার কাছে তৃতীয় বিশ্বের দরিদ্র মানুষেরা আজ জিম্মি হয়ে আছে। নিজেদের ইচ্ছামতো কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ করছে। আর এর প্রভাবে ভারসাম্য হারাচ্ছে বৈশ্বিক উষ্ণতা। দরিদ্র জনগোষ্ঠী হচ্ছে জলবায়ু-শরণার্থী। অতএব পরিবেশ-দূষণের জন্য অনুন্নত বিশ্ব নয়, উন্নত বিশ্বই দায়ী।আজ এই প্রতিযোগিতায় স্কুল পর্যায়ের ৪০টি দলের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব ও কোয়ার্টার ফাইনাল বিতর্ক শেষ হয়েছে। দ্বিতীয় পর্বে বিতর্কের বিষয় ছিল ‘বিশ্ব অর্থনীতির প্রভাবে আমাদের অর্থনীতি বিপর্যস্ত’। কোয়ার্টার ফাইনালে বিতর্কের বিষয় ছিল ‘মুক্তবাজার অর্থনীতি সাংস্কৃতিক বিশ্বায়নের ওপর মুখ্য প্রভাব বিস্তার করবে’।১৯ মে থেকে শুরু হয় এ বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ডিবেটিং ক্লাবের আয়োজনে দশম আন্তস্কুল, দ্বিতীয় শিশু ও প্রথম আন্তক্লাব এই বিতর্ক প্রতিযোগিতার কাল সোমবার সমাপনী দিন। প্রতিযোগিতায় এবারের প্রতিপাদ্য ‘জলবায়ু পরিবর্তন—আজকের বিশ্ব’।পাঁচ দিনের এ বিতর্ক উত্সবে ৪০টি স্কুল দল, ৩২টি শিশু দল, ২৪টি ক্লাব বিতর্ক দলসহ ৯৬টি বিতর্ক দল অংশ নিচ্ছে। এ বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালার অনলাইন সহযোগী www.prothom-alo.com এবং রেডিও সঙ্গী এবিসি রেডিও এফএম ৮৯ দশমিক ২।সমাপনী দিনে রয়েছে স্কুল পর্যায়ের সেমিফাইনাল, ফাইনাল ও বারোয়ারি। কাল বিকেল তিনটায় হবে সমাপনী অনুষ্ঠান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী ও প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক।