পরিবেশ নষ্ট হওয়ায় হুমকিতে টাঙ্গুয়ার হাওর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আধার সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের অবস্থা সংকটাপন্ন। অবৈধ মৎস্য আহরণ এবং নির্বিচারে বৃক্ষ-গুল্ম ধ্বংসের মাধ্যমে হাওরের পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এসব কারণে কমে যাচ্ছে মাছের পরিমাণ ও পরিযায়ী পাখির সংখ্যা। বিশেষ করে, বহু প্রজাতির অতিথি পাখির কারণে স্থানটি দেশের পর্যটন মানচিত্রেও স্থান করে নিচ্ছিল।বিশেষজ্ঞরা মনে করেন, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে তালিকাভুক্ত টাঙ্গুয়ার হাওরকে রক্ষা করতে হলে এর ব্যবস্থাপনায় আরও কঠোরতা ও দক্ষতা প্রয়োজন।২০০০ সালে ‘রামসার সাইট’ তালিকায় টাঙ্গুয়ার হাওরের নাম ওঠে। ১৯৭১ সালে ইরানের রামসার শহরে গৃহীত জলাভূমি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে বিশ্বজুড়ে যেসব এলাকা সংরক্ষণের তাগিদ দেওয়া হয়, সেগুলো ‘রামসার সাইট’ হিসেবে পরিচিত। সুন্দরবনের পর টাঙ্গুয়ার হাওর রামসার তালিকায় বাংলাদেশের দ্বিতীয় স্থান।ধর্মপাশা ও তাহিরপুর উপজেলাজুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওর এলাকায় রয়েছে ৫০টির বেশি বিল। এ হাওর দেশে জলচর পরিযায়ী পাখির সবচেয়ে বড় বিচরণক্ষেত্র। মাছের উৎপাদন ও প্রজাতি সংরক্ষণের জন্যও এটি গুরুত্বপূর্ণ। ‘রামসার সাইট’ ঘোষিত হওয়ার পর থেকে সরকার হাওরটির ব্যবস্থাপনায় কিছু উদ্যোগ নেয়। ২০০৩ সাল থেকে হাওরের বিলগুলো মাছের জন্য ইজারা দেওয়া বন্ধ হয়। গ্রামবাসীকে ব্যবস্থাপনায় যুক্ত করা হয়। কিন্তু বন্ধ হয়নি অবৈধভাবে মাছ শিকার। চলছে পাখি শিকারও। করচ ও হিজলগাছ এবং নলবন উজাড় করার ফলে পরিবেশ হচ্ছে বিপন্ন।মাছ ও পাখি কমে যাচ্ছেপাখি পর্যবেক্ষকেরা বলছেন, গত কয়েক বছরে বিভিন্ন কারণে টাঙ্গুয়ার হাওরের পাখি কমেছে ৮০ শতাংশ পর্যন্ত।পাখি পর্যবেক্ষক ইনাম আল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা ২০০২ সালে এ হাওরে শুধু জলচর পরিযায়ী পাখি গুনেছি পাঁচ লাখের বেশি। কিন্তু গত দু-তিন বছরে মাত্র এক লাখের মতো পাখি রেকর্ড করা হয়েছে এ এলাকায়।’ইনাম আল হক জানান, এলোপাতাড়িভাবে মাছ ধরতে গিয়ে পাখির খাবার নষ্ট করা হয়। এ ছাড়া এ সময় পাখিরা বিরক্তও হয়। ফলে এ হাওরে পাখিরা কম আসছে। দুর্বল পাহারাদারিও একটা সমস্যা।১৯৮৮-৮৯ সাল থেকে নিয়মিত টাঙ্গুয়ার হাওরে যাওয়া পাখি পর্যবেক্ষক রোনাল্ড হালদার মূল সমস্যা হিসেবে চিহ্নিত করলেন মানুষের অনুপ্রবেশকে। রোনাল্ড হালদার একটি উদাহরণ দিয়ে বলেন, গোলাবাড়ি গ্রামের কাছে যে পুরোনো নলবন ছিল, তা নিশ্চিহ্ন হয়েছে। অনেক পরিযায়ী পাখি সুদীর্ঘ যাত্রার মধ্যবর্তী সময়ে টাঙ্গুয়ার হাওরে আসে উল্লেখ করে তিনি বলেন, এ কারণে পাখির খাবারের এ ভান্ডার রক্ষা করা অতি জরুরি।স্থানীয় বাজারে ফাঁদে ধরা নানা প্রজাতির পাখি মেলে। তাহিরপুর বাজারে গিয়ে স্থানীয় লোকজনকে পাখির কথা বলতেই তাঁরা বলেন, এখানে সব পাখি কিনতে পাওয়া যায়। কথা বলে জানা গেছে, রাতের আঁধারে পাখি ধরতে ফাঁদ পাতা হয়। এ ছাড়া মাঝেমধ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরাও বন্দুক দিয়ে পাখি শিকার করেন।তাহিরপুরের বাসিন্দা মাছ ব্যবসায়ী অনুপ বলেন, ‘আগের মাছের এক ভাগও এখন নাই। রাতে চুরি করে শত শত মানুষ মাছ ধরতে আসে।’নাম প্রকাশে অনিচ্ছুক প্রবীণ এক মৎস্যজীবী বলেন, রাতে হ্যাজাক জ্বালিয়ে মাছ ধরা হয়। পাখিরা এতে ভয় পেয়ে দূরে সরে যায়। তিনি বলেন, আগে ইজারাদারেরা বিলে নিজের গরজে মাছের খাবার ও গাছের ডালপালা (কাটা নামে পরিচিত) দিতেন। এসব না করাও মাছ কমে যাওয়ার জন্য দায়ী।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক মোস্তফা আলী রেজা হোসেন প্রথম আলোকে জানান, ৮-১০ বছর আগেও টাঙ্গুয়ার হাওরে ১৫০ থেকে ১৭৫ প্রজাতির মাছ দেখা যেত। কিন্তু এখন এর প্রায় ৬০ শতাংশ প্রজাতির মাছ দেখা যায় না। শুকনো মৌসুমে হাওরের পানি ছেঁকে মাছ ধরায় অনেক প্রজাতি স্থায়ীভাবে ধ্বংস হয়ে গেছে।কমছে জলজ উদ্ভিদ ও গাছপালাভরা বর্ষায় এ হাওরে মাথা উঁচিয়ে জেগে থাকে করচগাছ। নৌকার মাঝি বিস্তীর্ণ জলরাশির মধ্যে এ গাছ দিয়েই চেনেন দিক। ঝড়-বৃষ্টির সময় নৌকার নিরাপদ আশ্রয় এসব গাছের আড়াল। কিন্তু গত কয়েক বছরে চুরি করে বহু করচ ও হিজলগাছ কাটা হয়েছে।দুর্বল ব্যবস্থাপনাপদাধিকার বলে সুনামগঞ্জের জেলা প্রশাসক টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটির প্রধান। আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংগঠন আইইউসিএন হাওর রক্ষণাবেক্ষণের কাজে জেলা প্রশাসনকে সাহায্য করছে।শীতে প্রায় সাত হাজার ও বর্ষায় ২০ হাজারের বেশি একর আয়তনের হাওর এলাকা পাহারা দেন ৪০ জন আনসার ও পুলিশ সদস্য। তত্ত্বাবধানের জন্য নিযুক্ত ম্যাজিস্ট্রেট থাকেন টেকেরঘাটে। স্থানীয় অনেকে অভিযোগ করেন, নজরদারির দুর্বলতায় আনসার ও পুলিশ সদস্যরা টাকার বিনিময়ে মাছ ও পাখি ধরার সুযোগ করে দেন। এ অভিযোগ স্বীকার করে জেলা প্রশাসক (ডিসি) মো. ইয়ামিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ও আনসার সদস্যদের অনিয়মের কথা প্রায়ই আমরা শুনি। অভিযোগ প্রমাণিত হলে আমরা তাঁদের বরখাস্ত করাসহ বিভিন্ন আইনানুগ ব্যবস্থা নিই।’জেলা প্রশাসক আরও বলেন, ম্যাজিস্ট্রেট হাওর এলাকায় অবস্থান না করায় আনসার ও পুলিশ সদস্যরা সহজেই অনিয়ম করতে পারেন। দুর্গম হওয়ার কারণে অনেকেই এ এলাকায় বেশি দিন থাকতে চান না।টাঙ্গুয়ার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে ডিসি বলেন, সহযোগী আইইউসিএন এতদিন অবকাঠামোগত কার্যক্রমকে অগ্রাধিকার দিয়েছে। তবে জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে তারা সম্প্রতি জেলা প্রশাসনের সঙ্গে একমত হয়েছে। হাওরে কিছুদিনের মধ্যেই ১০ হাজার গাছ রোপণ করা হবে। এ ছাড়া পাহারা জোরদার ও স্থানীয় লোকজনকে আরও সচেতন করা হবে।এখনই ব্যবস্থা নেওয়ার দাবিটাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষার জন্য এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইনাম আল হক অভিমত দেন, হাওরটিকে স্থায়ীভাবে রক্ষার জন্য অবিলম্বে আলাদা একটি কর্তৃপক্ষকে দায়িত্ব দিতে হবে। এ কাজে অভিজ্ঞ ব্যক্তিদের দিয়েই হাওর রক্ষা করতে হবে। রোনাল্ড হালদারও অভিজ্ঞ ব্যক্তিদের নিযুক্ত করার ওপর জোর দিয়ে বলেন, টাঙ্গুয়ার জন্য ওয়ার্ডেন ধরনের কাউকে নিযুক্ত করতে হবে। আর সাধারণ পুলিশ ও গ্রামবাসীর ওপর পুরোপুরি নির্ভর না করে বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করা উচিত।