এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২৮ আগস্ট এসেছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সিনিয়র লেকচারার সিফাত-ই-আজম। কথা বলেছেন কথাবন্ধু ব্রতীর সঙ্গে। পরিবেশবিজ্ঞানে পড়াশোনা এবং এ পেশায় ক্যারিয়ার বা কর্মজীবন গড়ার বিভিন্ন দিক আলোচনা করেছেন তিনি।কথাবন্ধু: উচ্চশিক্ষার বিষয় হিসেবে পরিবেশবিজ্ঞানকে বেছে নিলেন কেন? সিফাত-ই-আজম: ছোটবেলায় ধারণা ছিল না যে এমন একটা বিষয়ে উচ্চশিক্ষা নেওয়া যায়। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করতে গিয়েই সিদ্ধান্তটা নিই। পড়াশোনা শেষ করার পর একটা স্কলারশিপ বা বৃত্তি নিয়ে আমি ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে যাই। সেখানে এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টে পড়াশোনা করি। এরপর দেশে এসে একটি গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত হই। পরবর্তীকালে শিক্ষকতা পেশায় আসি।কথাবন্ধু: অনেকেই বলেন, দেশে পরিবেশবিজ্ঞানে পড়াশোনার সুযোগ-সুবিধা অপ্রতুল। এ ব্যাপারে আপনার মতামত কী? সিফাত-ই-আজম: বাংলাদেশে পরিবেশবিজ্ঞানে পড়াশোনার সুযোগ-সুবিধা আসলে অপ্রতুল নয়। কারণ, এখানকার প্রতিটা সরকারি ও বেসরকারি বিশ্বাবিদ্যালয়ে এনভায়রনমেন্ট স্টাডিজ বা পরিবেশবিজ্ঞান বিষয়টি রয়েছে। শিক্ষার্থীরা চাইলে এ বিষয়ে পড়াশোনা করতে পারেন। কথাবন্ধু: পরিবেশবিজ্ঞান পড়লে পেশাগত ভবিষ্যৎ কেমন?সিফাত-ই-আজম: পেশার ক্ষেত্রে পরিবেশ সব জায়গাতেই রয়েছে। কারণ, দেশে পরিবেশ ইস্যু নিয়ে অনেক কাজ হচ্ছে। যাঁরা পরিবেশবিজ্ঞানে পড়াশোনা করবেন, তাঁরা জার্নালিস্ট বা সাংবাদিক হতে পারেন, বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করতে পারেন। কথাবন্ধু: পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য এবং এ বিষয়ের ব্যবহারিক দিক নিয়ে কিছু বলুন।সিফাত-ই-আজম: পরিবেশ নিয়ে আমরা তখনই চিন্তা করি, যখন আমাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হয় কিংবা দূষণ অথবা অন্য কোনো ধরনের সমস্যা দেখা দেয়। পরিবেশের সঙ্গে জনস্বাস্থ্যের বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ ব্যাপারে অবশ্য দিন দিন সচেতনতা বাড়ছে। পাবলিক হেলথের প্রথম ব্যবহারিক দিকটি হচ্ছে সচেতনতামূলক কাজ। এখানে টিকা, মা ও শিশু স্বাস্থ্য—এসব বিষয় থাকে। বাংলাদেশে আইসিডিডিআরবিসহ বেশ কিছু প্রতিষ্ঠান বর্তমানে স্বাস্থ্য নিয়ে কাজ করছে। এ ছাড়া পরিবেশ নিয়ে কাজ করছে বিভিন্ন এনজিও। কথাবন্ধু: পরিবেশবিজ্ঞান বিষয়ে বাংলাদেশে গবেষণা কেমন হচ্ছে?সিফাত-ই-আজম: দেশে এ বিষয়ে গবেষণার অনেক সুযোগ রয়েছে। পরিবেশ নিয়ে গবেষণা করার জন্য বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে। এর মধ্যে আইওসিএন, শেড বাংলাদেশ, ডব্লিউএনসিএসবি, ব্র্যাক ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় প্রভৃতি উল্লেখযোগ্য।বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও এ নিয়ে কাজ করছে।কথাবন্ধু: দেশের বাইরে পরিবেশবিজ্ঞান বিষয়ে পড়ার ইচ্ছা থাকলে একজন শিক্ষার্থী নিজেকে কীভাবে তৈরি করবেন?সিফাত-ই-আজম: দেশের বাইরে পড়াশোনার অনেক সুযোগ রয়েছে। কেউ যদি গবেষণামূলক কাজ বা শিক্ষকতা পেশায় আসতে চান, তাহলে বিদেশি ডিগ্রি অনেক বেশি দরকার। কেউ যদি পড়াশোনার জন্য লন্ডন, স্পেন, জার্মান যেতে চান, তাহলে তাঁদের আইএলটিএস দিতে হবে। আবার যদি কেউ আমেরিকা বা কানাডায় যেতে চান, তখন তাঁদের জিআরটি দিতে হবে। তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে, যারা আইএলটিএস বা জিআরটি চায় না। আপনি চাইলে যেকোনো বিভাগ থেকে এসেই পরিবেশবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারেন। এনভায়রনমেন্টাল সায়েন্স বা স্টাডিজে কিছু বিভাগ রয়েছে, যেমন: এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, পাবলিক হেলথ ইত্যাদি। কথাবন্ধু: বন্যা নিয়ন্ত্রণে পরিবেশ রক্ষা কীভাবে কাজে আসছে?সিফাত-ই-আজম: এ ব্যাপারে দেশে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট ও ডিজাস্টার ম্যানেজমেন্ট কাজ করছে। আগে বাংলাদেশকে অনেকেই বন্যাকবলিত দেশ হিসেবেই জানত। আমাদের দেশে বন্যা দুই রকমের হয়—একটা হচ্ছে প্রাকৃতিক নিয়মে, আরেকটি নিজেদের তৈরি জলাবদ্ধতার কারণে। একটু বৃষ্টি হলে পানি সরে যাওয়ার কোনো পথ থাকে না। এটা হচ্ছে সচেতনতার অভাবে। কারণ, আমাদের দেশে অপরিকল্পিত নগরায়ণের কারণে ড্রেনেজ ব্যবস্থা ততটা উন্নত নয়। কথাবন্ধু: নতুনদের জন্য আপনার দিকনির্দেশনা কী হবে?সিফাত-ই-আজম: বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তরে ফাটল, বৈশ্বিক আবহাওয়া পরিবর্তন, গ্রিন হাউস ইফেক্ট ইত্যাদি পরিবেশ শিক্ষার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। যাঁরা এ ক্ষেত্রে আসতে চান, তাঁদের জন্য এখন অনেক সুযোগ রয়েছে। বিভিন্ন ক্যারিয়ার ফেয়ার বা চাকরির মেলা হচ্ছে। সেখানে নিজেকে যুক্ত করুন। এ ধরনের সুযোগগুলো অবশ্যই কাজে লাগানো উচিত। কারণ, এ বিষয়ে চাহিদা দিন দিন বাড়ছে।গ্রন্থনা: সুদীপ দে