পরিবেশ নিয়ে মামলার নিষ্পত্তির হার কম
১৯৯৫ সালে পরিবেশ সংরক্ষণ আইন পাস হয়। এ আইনবলে পরিবেশ রক্ষায় তৈরি হয় নানা আইন, দণ্ড, জরিমানাসহ প্রয়োজনীয় বিধান। আর এর বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৩(১) ধারামতে, সরকার পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর স্থাপন করে। অধিদপ্তরের একজন মহাপরিচালকের অধীন পরিচালক ও বিভাগীয় পরিচালকসহ মোট অনুমোদিত লোকবল ২৬৭ জন। কর্মরত আছেন ১৯৪ জন। তবে বর্তমান সরকার সম্প্রতি অধিদপ্তরের কাজ বেগবান করতে আরও চার শতাধিক নতুন লোক দিয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুস সোবহান। বর্তমানে অধিদপ্তরের ছয়টি বিভাগীয় কার্যালয় পরিচালিত হচ্ছে। দেশের আরও ২১টি জেলায় এর কার্যক্রম শিগগিরই শুরু হচ্ছে বলে জানা গেছে পরিবেশ অধিদপ্তর সূত্রে। তবে পরিবেশ অধিদপ্তরে কোনো আইনি সেল এখন পর্যন্ত স্থাপিত হয়নি। অধিদপ্তরের তদন্ত কর্মকর্তা রয়েছেন মাত্র তিনজন।মামলার পরিসংখ্যান: পরিবেশ-বিষয়ক যেকোনো মামলা করার অধিকার শুধু পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের রয়েছে। পরিবেশ আইনে অন্য কারও মামলা করার অধিকার নেই। ঢাকা, রাজশাহী ও সিলেটে পরিবেশ আদালত বিদ্যমান। পরিবেশ অধিদপ্তরের মামলার তালিকাভুক্তি পরিসংখ্যান থেকে জানা যায়, এ পর্যন্ত পরিবেশ অধিদপ্তর (২০১০ সালের এপ্রিল পর্যন্ত) সারা দেশের তিনটি পরিবেশ আদালতে মামলা হয়েছে মোট ৫০২টি। পরিবেশ আদালত ঢাকায় ১৯০টি, চট্টগ্রামে ১৬৮ ও সিলেটে ১৪৪টি। ২০০৯ সালের পরিসংখ্যানে দেখা যায়, ঢাকায় মামলা হয়েছে মাত্র নয়টি। তবে ২০১০ সালের মাত্র চার মাসের মামলার সংখ্যা ১২টি বলে পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। চট্টগ্রামে ২০০৯ সালে মামলা হয়েছে ৪৪টি এবং সিলেটে ৫৪টি। তবে মামলার দায়েরের হারের সঙ্গে মামলা নিষ্পত্তির সংখ্যা খুবই কম। ঢাকা পরিবেশ আদালতে ১৯০টি মামলার বিপরীতে মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা মাত্র ৪৮টি। চট্টগ্রামে ১৯টি ও সিলেটে ৪৭টি। তিনটি পরিবেশ আদালতে দায়ের করা ৫০২টি মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ১১৪টি। পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবদুস সোবহান বলেন, মামলা নিষ্পত্তিতে নানা আইনি জটিলতা ও সীমাবদ্ধতা দূর করার জন্য এবং মামলা নিষ্পত্তি আরও গতিশীল করতে আইনটি যুগোপযোগী করার কাজ প্রক্রিয়াধীন। অভিযোগের পরিসংখ্যান: পরিবেশ সংরক্ষণ আইনে যেকোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দাখিল করতে পারে। তবে অভিযোগের পুরোনো পরিসংখ্যান পরিবেশ অধিদপ্তরের নথিতে পাওয়া যায়নি। শুধু এ বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের অভিযোগ-সংক্রান্ত তথ্য পাওয়া যায়। পরিসংখ্যানে দেখা যায়, ফেব্রুয়ারি মাসে সারা দেশে উপস্থাপিত অভিযোগ ছিল ৬২টি, মার্চে ৭০ ও এপ্রিলে ৬৭টি। তবে পরিবেশ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, এ অভিযোগের সংখ্যাটি আরও বেশি হতো, যদি এ ব্যাপারে অধিদপ্তর ব্যাপক প্রচারণা চালাত। তাহলে সেটা আমাদের দেশের পরিবেশ সুরক্ষায় প্রত্যক্ষ ভূমিকা পালন করত বলে পরিবেশ আন্দোলনকারীরা মনে করেন। মোবাইল কোর্ট পরিচালনা: পরিবেশ অধিদপ্তর এবং এর বিভাগীয় অফিসগুলো পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ও কালো ধোঁয়া নিঃসরণ বন্ধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে। ২০০৯ সালের জানুয়ারি থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত পলিথিন ব্যাগ ও কালো ধোঁয়া নিঃসরণ বন্ধের জন্য সারা দেশে ১২৬টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এর মধ্যে পলিথিন ব্যাগের বিপক্ষে ১০৩টি এবং কালো ধোঁয়ার বিপক্ষে ২৩টি। মোবাইল কোর্ট জরিমানা আদায় করেছেন যথাক্রমে ১৩ লাখ ৪১ হাজার ৮১০ টাকা এবং দুই লাখ ৮৯ হাজার ৯০০ টাকা। এ অভিযানে সারা দেশে পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে ৪১ হাজার কেজি। সংশোধন হচ্ছে পরিবেশ আইন: পরিবেশ সংরক্ষণ আইন সংশোধন করা হচ্ছে। আইনের সংশোধন অনুযায়ী প্রতিটি জেলায় একটি করে পরিবেশ আদালত গঠন করা হবে। আইনটি পাস হলে যেকোনো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তি ওই আদালতে অভিযোগ করতে পারবেন। এ ছাড়া শিল্পকারখানার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। গত ২৬ এপ্রিল মন্ত্রিপরিষদ সংশোধনটি চূড়ান্ত অনুমোদন করেছে। চলতি অধিবেশনে সংসদে উপস্থাপন করা হবে। আগের আইনে দেশে শুধু তিনটি পরিবেশ আদালত ছিল। প্রস্তাবিত আইনে দেশের প্রতিটি জেলায় পরিবেশ আদালত গঠন করা হবে। একজন ম্যাজিস্ট্রেটকে এ দায়িত্ব দেওয়া হবে। মামলাও করতে পারবেন যে কেউ। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা মনে করেন, নতুন আইন পাস হলে অধিদপ্তরের কাজে গতি আসবে। আইনের সংশোধনে পাহাড় ও টিলা কাটা নিষিদ্ধ। জলাধার সংরক্ষণেও থাকছে বিশেষ ধারা।