পরিবেশ রক্ষাও ভাল সামাজিক ব্যবসা হতে পারে: ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস বলেছেন, পরিবেশ রক্ষায় সামাজিক ব্যবসা ভূমিকা রাখতে পারে। পরিবেশ রক্ষাও একটি ভাল সামাজিক ব্যবসা হতে পারে। তিনি বলেন, তারুণ্যের শক্তি ও সৃজনশীলতাকে সামাজিক ব্যবসার কাজে লাগাতে হবে। ব্যবসাকে শুধুমাত্র টাকা বানানোর যন্ত্র হিসেবে দেখলে হবে না। এটিকে সামাজিক সমস্যা সমাধানের কাজে লাগাতে হবে। আজ শুক্রবার সামাজিক বিনিয়োগ ও পরিবেশ শীর্ষক এক আলোচনা সভায় ইউনূস এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সভাপতি ও অর্থনীতিবিদ রেহমান সোবহান। তিনি দরিদ্র মানুষের সেবা ও সমাধানে সামাজিক ব্যবসাকে কাজে লাগানোর পরামর্শ দেন। এ কাজে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে রেহমান সোবহান বলেন, বড় প্রতিষ্ঠানগুলো বড় পরিসরে উত্পাদনে যেতে পারে। ফলে তাদের উত্পাদন খরচ কম হয়। ব্যবসা থেকেও তারা মুনাফা করে। তাদের পক্ষে সামাজিক ব্যবসায় আসা তুলনামূলকভাবে সহজ। কিন্তু ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান ও নতুন উদ্যোক্তারা কীভাবে সামাজিক ব্যবসায় আসতে পারে সেটিও চিন্তা করতে হবে। আলোচনা সভায় মূল বক্তব্য দেন বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারিয়া সিদ্দিকি। বক্তব্য রাখেন অটো গ্রুপের করপোরেট সামাজিক দায়িত্ব বিভাগের ব্যবস্থাপক মারেল গোয়েন প্রমুখ।