বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন
পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন প্রজাতির কমপক্ষে তিনটি গাছের চারা রোপণে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০১০ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার এ আহ্বান জানান। গতকাল সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এ প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খবর বাসসের।কৃষক লীগের সভাপতি মীর্জা আবদুল জলিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও কৃষক লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।শেখ হাসিনা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিভিন্ন বিরূপ প্রভাবের মধ্যে সবুজ বাংলাদেশ গড়তে নানা জাতের গাছের চারা রোপণে গ্রামীণ জনসাধারণকে উৎসাহিত করতে কৃষক লীগের নেতা-কর্মীদের নির্দেশ দেন।প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ অভিযানের পর প্রতিটি এলাকায় কী পরিমাণ গাছের চারা রোপণ করা হয়েছে, সে ব্যাপারে তাঁকে অবহিত করারও নির্দেশ দেন। যেখানে সবচেয়ে বেশি গাছের চারা রোপণ করা হবে, তিনি সে এলাকাকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। গাছ কাটার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, গাছ কাটার ঘটনায় কাউকে জড়িত পাওয়া গেলে সে যে দলেরই হোক না কেন, তাঁকে ছাড় দেওয়াহবে না।প্রধানমন্ত্রী তাঁর সরকারকে কৃষকবান্ধব বর্ণনা করে বলেন, তাঁর সরকার বিগত মেয়াদে ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও উদ্বৃত্ত খাদ্য উৎপাদনে সক্ষম হয়েছিল। তিনি বলেন, দেশের জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যে স্বনির্ভরতা অর্জনের নীতি গ্রহণ করায় গত মেয়াদের মতো চলতি মেয়াদেও সরকার দেশের খাদ্য উৎপাদন বাড়াতে সক্ষম হবে।আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে সারের কোনো সমস্যা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সার ও অন্যান্য কৃষি উপকরণ কৃষকের দোরগোড়ায় পৌঁঁছে দিয়েছি এবং বাম্পার ফলনের জন্য আমরা সময়মতো কৃষকের কাছে সার সরবরাহ করেছি।’পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ কৃষক লীগের নেতা-কর্মীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।প্রধানমন্ত্রী নিজেও গণভবন প্রাঙ্গণে তিনটি চারা রোপণ করেন।