পরিবেশ সৃষ্টি হলে বিএনপি সংসদে যাবে: ফারুক
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন বলেছেন, বিরোধী দল যখনই সংসদে যাওয়ার আগ্রহ দেখায়, তখনই সরকার কোনো না কোনোভাবে বাধার সৃষ্টি করে। পরিবেশ সৃষ্টি হলে বিএনপি অবশ্যই সংসদে যাবে।হরতালে বিএনপির সাংসদদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমরা অনেক মুলতবি প্রস্তাব দিয়েছি একটিও গ্রহণ করা হয়নি। আমাদের মুলতবি প্রস্তাব গ্রহণ করা হলে সংসদে যাওয়ার কথা ভাবব।’৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হয়ে যাবে। সে ক্ষেত্রে বিএনপিকে সংসদের চলতি অধিবেশনে যোগ দেবে কি না, এ প্রশ্নের জবাবে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বিষয়টি বিএনপির মাথায় আছে।এর আগে বিকেল তিনটা থেকে এক ঘণ্টা স্পিকারের কার্যালয়ের সামনে বিরোধীদলীয় সাংসদেরা অবস্থান করেন।বিরোধীদলীয় চিফ হুইপের নেতৃত্বে অবস্থান ধর্মঘটে সাংসদ বরকতউল্যা, আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী, মাহবুবউদ্দিন খোকন, মেসবাহউদ্দিন ফরহাদ, জেড আই মোস্তফা আলী, জয়নাল আবদিন (ভিপি জয়নাল), আশরাফউদ্দিন নিজান, নজরুল ইসলাম, রাশেদা বেগম, সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, নিলুফার চৌধুরী, জামায়াতের হামিদুর রহমান আযাদ, শামসুল ইসলাম প্রমুখ অংশ নেন।এরপর বিরোধীদলীয় সাংসদেরা স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেন। স্পিকার আবদুল হামিদ দেশে না থাকায় তাঁর সহকারী একান্ত সচিব আবদুল হাইয়ের কাছে স্মারকলিপি জমা দেন।