পরিবেশ সৃষ্টি হলে বিএনপি সংসদে যাবে: ফারুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, বিরোধী দল যখনই সংসদে যাওয়ার আগ্রহ দেখায়, তখনই সরকার কোনো না কোনোভাবে বাধা সৃষ্টি করে। পরিবেশ সৃষ্টি হলে বিএনপি অবশ্যই সংসদে যাবে।হরতালের সময় বিএনপির সাংসদদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে জয়নাল আবদিন ফারুক এ কথা বলেন।সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমরা অনেক মুলতবি প্রস্তাব দিয়েছি, একটিও গ্রহণ করা হয়নি। আমাদের মুলতবি প্রস্তাব গ্রহণ করা হলে সংসদে যাওয়ার কথা ভাবব।’৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হয়ে যাবে। সে ক্ষেত্রে বিএনপি সংসদের চলতি অধিবেশনে যোগ দেবে কি না—এই প্রশ্নের জবাবে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বিষয়টি বিএনপির মাথায় আছে।এর আগে বেলা তিনটা থেকে এক ঘণ্টা স্পিকারের কার্যালয়ের সামনে বিরোধীদলীয় সাংসদেরা অবস্থান করেন। বিরোধীদলীয় চিফ হুইপের নেতৃত্বে অবস্থান ধর্মঘটে সাংসদ বরকতউল্লা, আবুল খায়ের ভূঁইয়া, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মাহবুবউদ্দিন, মেসবাহউদ্দিন ফরহাদ, জেড আই মোস্তফা আলী, জয়নাল আবদিন (ভিপি জয়নাল), আশরাফউদ্দিন নিজান, নজরুল ইসলাম, রাশেদা বেগম, সৈয়দা আশিফা আশরাফি, নিলুফার চৌধুরী, জামায়াতের হামিদুর রহমান আযাদ, শামসুল ইসলাম প্রমুখ অংশ নেন। এরপর বিরোধীদলীয় সাংসদেরা স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেন। স্পিকার আবদুল হামিদ দেশে না থাকায় তাঁর সহকারী একান্ত সচিব আবদুল হাইয়ের কাছে স্মারকলিপি জমা দেন।বিএনপি ফাঁক-ফোকর খুঁজছে জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ গতকাল সংসদে পয়েন্ট অব অর্ডারে বলেছেন, সদস্য পদ রক্ষায় সংসদে আসার জন্য বিএনপি ‘ফাঁক-ফোকর’ খুঁজছে।স্পিকারের দপ্তরের সামনে বিরোধীদলীয় সাংসদদের অবস্থান ধর্মঘট সম্পর্কে তিনি এ মন্তব্য করেন।চিফ হুইপ বলেন, ‘তাঁরা সদস্য হিসেবে সব সুযোগ-সুবিধা নেবেন; কমিটির বৈঠকে (মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি) আসবেন; শুল্কমুক্ত গাড়ি আমদানি করেছেন; বেতন-ভাতা নিচ্ছেন; কিন্তু ওনারা সংসদে আসছেন না।’বিরোধী দল সংসদে না এসে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আন্দোলন করছে অভিযোগ করে আব্দুস শহীদ বলেন, বিরোধী দল সংসদে আসে না, বাইরে আন্দোলন করে, হরতাল ডাকে আর পুলিশ হত্যা করে, জোর করে স্পিকারের কার্যালয়ের সামনে লবি দখল করে নেয়, বিরোধী দলের চিফ হইপের নেতৃত্বে সার্জেন্ট অ্যাট আর্মসের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তিনি বিরোধী দলকে সংসদে এসে কথা বলার আহ্বান জানান। চিফ হুইপ আরও জানান, এ পর্যন্ত নবম সংসদের ১৭৪ কার্যদিবসে বিরোধী দলের সদস্যরা সংসদে এসেছেন ৪৪ দিন, আর্রবিরোধীদলীয় নেত্রী এসেছেন মাত্র পাঁচ দিন।