হঠাৎ করেই বদলে গেছে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনের পরিবেশ। নির্বাচনে অংশ নেওয়া তিন প্রার্থীই এখন মনে করছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। গত দুই দিনে নির্বাচন কমিশনের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেছেন তাঁরা। উপনির্বাচনে ভোট দেওয়া নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন কোনো কোনো ভোটার। আওয়ামী লীগের ভোটারদের সমস্যা—দুই প্রার্থী একই দলের, দুজনই তাজউদ্দীনের আত্মীয়। আর বিএনপিকে ভোট দেন এমন ভোটারদের সমস্যা অন্য রকম। কয়েকজন ভোটার বললেন, তাঁদের দলের কেউ নির্বাচন করছেন না। আবার ভোট দিতে নিষেধ করা হয়েছে। এ অবস্থায় কী করবেন, তা অন্যদের দেখে তাঁরা পরে ঠিক করবেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাংসদ তানজীম আহমদ সোহেল তাজের পদত্যাগের কারণে এ আসন শূন্য হয়। উপনির্বাচনে সোহেল তাজের বোন ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে, তাঁর ছোট চাচা আফসারউদ্দীন আহমদ স্বতন্ত্র এবং আসাদুল্লাহ বাদল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নির্বাচনে চাচা ও ভাতিজির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। ৩০ সেপ্টেম্বর সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী পরিবেশ নিয়ে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ সাংবাদিকদের বলেন, গতকাল মঙ্গলবার থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত কমিশন কোনো ছাড় দেবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি প্রস্তুতি নেওয়া হচ্ছে। সহকারী পুলিশ সুপার মো. শাহরিয়ারের নেতৃত্বে পুলিশ সদস্যরা সেখানে কাজ করছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। র্যা বের সদস্যরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা যায়। গতকাল তিন প্রার্থী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সরকারি দলের প্রার্থী সিমিন হোসেন গতকাল সাংবাদিকদের বলেন, নির্বাচন নিয়ে তাঁর দিক থেকে কোনো শঙ্কা নেই। তবে বিশেষ একটি দল নির্বাচন বর্জন করেছে। তারা অনাকাঙ্ক্ষিত কিছু করলেও করতে পারে বলে কমিশনকে জানিয়েছেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ গত সোমবার নির্বাচনী এলাকা সফর করেন। এ সময় সরকারি দলের প্রার্থী ছাড়া অপর দুই প্রার্থী নানা অনিয়মের অভিযোগ তাঁর কাছে তুলে ধরেন। সেখানে প্রার্থীদের সিইসি কথা দিয়েছিলেন, পরিবেশ নির্বিঘ্ন করতে কমিশন কঠোর হবে। আফসারউদ্দীনের অভিযোগের পর নির্বাচনী প্রচারণা নির্বিঘ্ন করতে গতকাল থেকে তাঁর সঙ্গে সার্বক্ষণিক পুলিশ দেওয়া হয়েছে। ভোটের দিন পর্যন্ত গাজীপুরে তিনি যতক্ষণ থাকবেন, ততক্ষণ এই নিরাপত্তাব্যবস্থা থাকবে। আফসারউদ্দীন সাংবাদিকদের বলেন, সিইসি কথা রেখেছেন। পরিস্থিতি অনেক বদলে গেছে। নির্বাচনে তিনি জয়ী হবেন এবং নৌকার ভরাডুবি হবে। আসাদুল্লাহ বাদল বলেন, পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। কমিশন এটা ধরে রাখতে পারলে এবং আরও কিছু উদ্যোগ নিলে নির্বাচন ভালোই হবে। দ্বিধাদ্বন্দ্বে ভোটাররা: প্রধান দুই প্রতিদ্বন্দ্বী তাজউদ্দীনের পরিবারের সদস্য হওয়ায় ভোটারদের মধ্যে এ অবস্থা সৃষ্টি হয়েছে। তরগাঁও ইউনিয়নের বাসিন্দা মো. শাহজাহান। বয়সের দিক থেকে তিনি তাজউদ্দীন আহমদের সমসাময়িক বলে জানান। কাপাসিয়া বাজারের এক নম্বর ঘাটে দাঁড়িয়ে তিনি প্রথম আলোকে বলেন, এক পরিবারের দুজনের নির্বাচন করা ঠিক হয়নি। দুজনেরই যোগ্যতা, তাঁরা তাজউদ্দীনের পরিবারের সদস্য। তাঁকে সম্মান দেখিয়ে একজনের নির্বাচন থেকে দূরে থাকা উচিত ছিল। জুলেখা বেগম নামের রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা বললেন, ‘একবার তো আফসার ভাইকে ভোট দিয়েছিলাম। এবার বুঝতে পারছি না।’ বিএনপিকে ভোট দেন এমন কয়েকজনের সঙ্গে গতকাল কথা হয়। তাঁরা হলেন: কাপাসিয়া বাজারের ব্যবসায়ী নাজিমুদ্দিন, ঘাগটিয়া বাজারের চা বিক্রেতা আলতাব, টঙ্গীর একটি কারখানার শ্রমিক মো. জয়নাল। তাঁরা ভোট বর্জনে বিএনপির সিদ্ধান্তের সঙ্গে একমত নন। এই আসনে বিএনপির জেতার সম্ভাবনা ছিল বলেও তাঁরা মন্তব্য করেন। কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান বললেন, তাঁরা চান, ভোটার উপস্থিতি যেন কম হয়। তবে বিএনপি-সমর্থক ভোটারদের সবাইকে আটকানো সম্ভব হবে না। তাঁরা ভোট দিলে নৌকার বিপক্ষে দেবেন—এমনটি আশা করা যায়।