ভোজ্যতেল ও চিনির আমদানি কিংবা উত্পাদকদের উপজেলা পর্যায়ে পরিবেশক নিয়োগ বাধ্যতামূলক করে এসব পণ্যের পরিবেশন নীতিমালা চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে আগের ডিও বা সরবরাহ আদেশের ভিত্তিতে গুরুত্বপূর্ণ এসব পণ্যের বিক্রিপ্রথাও বাতিল করা হয়েছে।আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যসচিব গোলাম হোসেনের সভাপতিত্বে চিনির উত্পাদক ও তেলসরবরাহকারীদের (ডিলার) একটি বৈঠকে এসব সিদ্ধান্তসম্পর্কিত নীতিমালা চূড়ান্ত করা হয়।বৈঠক শেষে বাণিজ্যসচিব সাংবাদিকদের জানান, আগামী তিন সপ্তাহের মধ্যে নীতিমালা মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে এবং গেজেট প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন নীতিমালা কার্যকর হবে।সূত্র জানায়, সভায় ঠিক হয়, মিলগেট, মূল পরিবেশক ও খুচরাবজার—এই তিন পর্যায়ে তেল-সয়াবিন, পামওয়েল ও চিনি বিক্রি করা যাবে। এর বাইরে অন্য কোনো ক্ষেত্রে এসব পণ্যের বিক্রি নিষিদ্ধ থাকবে।২ জানুয়ারি এসব পণ্যের ডিও (ডেলিভারি ওর্ডার) পদ্বতিতে বিক্রির প্রথা বাতিল করা হয়। ডিও পদ্ধতি বাতিল করে নতুন পদ্ধতি তৈরির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আজ এ নীতিমালা চূড়ান্ত করা হয়।নীতিমালায় বলা হয়েছে, পণ্যের মূল্য আমদানীকারক বা উত্পাদক সংস্থা ঠিক করবে। কিন্তু সরকারের কাছে যদি প্রতিয়মান হয়, আন্তর্জাতিক বাজারমূল্য কিংবা উত্পাদন খরচের সঙ্গে অসম দাম নির্ধারণ করা হয়েছে, সে ক্ষেত্রে মূল্য নিয়ন্ত্রণ-সংক্রান্ত জাতীয় কমিটি এর ওপর নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ করতে পারবে।জানা যায়, নীতিমালা অনুযায়ী কোম্পানি বা মূল সরবরাহকারী এবং চিনিকলের মালিকেরা পণ্য বিক্রিতে পরিবেশক নিয়োগে স্বাধীনভাবে কাজ করতে পারবেন। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। পরিবেশকের যোগ্যতাও এসব প্রতিষ্ঠান নির্ধারণ করতে পারবে। তবে উপজেলা পর্যায়ে কমপক্ষে একজন পরিবেশক নিয়োগ দিতে হবে। একাধিক নিয়োগও দেওয়া যাবে। আবার কোম্পানি বা উত্পাদক যাচাই করে পরিবেশক নিয়োগের সংখ্যা নির্ধারণ করতে পারবে।প্রসঙ্গত, আগের ডিও প্রথায় একই সঙ্গে একই ব্যক্তির কাছে ইচ্ছামাফিক পণ্য বিক্রির সুযোগ ছিল। সে ক্ষেত্রে মজুদ রেখে ইচ্ছামতো দাম বাড়িয়ে বিক্রি করা হতো, এমন অভিযোগও রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে। এখন সরাসরি পাইকারি ও খুচরা পরিবেশক পর্যায়ে পণ্য সরবরাহ করতে হবে বাজারের চাহিদা অনুযায়ী। ফলে কালোবাজারি বা মজুদের আশঙ্কা কম থাকবে বলে বাণিজ্য মন্ত্রণালয় আশা করছে।