পরিবেশকেরা বিক্রি করবে ভোজ্যতেল ও চিনি
চিনি ও ভোজ্যতেলের ক্ষেত্রে সরবরাহ আদেশ (ডিও) প্রথা আর থাকছে না। ডিওর পরিবর্তে পরিবেশক প্রথা চালু করা হবে। তবে খোলা চিনি ও ভোজ্যতেলের ক্ষেত্রে পরিবেশক প্রথা প্রযোজ্য হবে না।গতকাল রোববার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘পরিবেশক নিয়োগ নীতিমালা-২০১১’-এর চূড়ান্তকরণ বিষয়ে মতবিনিময় সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব গোলাম হোসেন সর্বসম্মত এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ সময় অতিরিক্ত বাণিজ্যসচিব মর্তুজা রেজা চৌধুরী, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান, প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক এম এ সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে আলোচনাটি হয় মূলত ভোজ্যতেল পরিশোধনকারী সমিতি ও চিনি পরিশোধনকারী সমিতির সঙ্গে। এ সময় ভোজ্যতেল পরিশোধনকারী সমিতির সভাপতি এম এ রউফ চৌধুরী, চিনি পরিশোধনকারী সমিতির সদস্য গোলাম রহমান, টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা, মেট্রো চেম্বারের সেক্রেটারি জেনারেল ফারুক আহমেদ, এফবিসিসিআইয়ের পরিচালক হেলালউদ্দিন, ঢাকা চেম্বারের পরিচালক নিয়াজ রহিম প্রমুখ উপস্থিত ছিলেন। আড়াই ঘণ্টার বৈঠক শেষে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই সম্মেলনকক্ষ ত্যাগ করেন বাণিজ্যমন্ত্রী। ব্যবসায়ী নেতাদের মতামত জানার জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হলেও তাঁরা থাকেননি। বৈঠক সূত্র জানায়, অনেক দিন ধরে চালু থাকা একটি প্রথার পরিবর্তে নতুন একটি পদ্ধতি চালু করা কতটা কার্যকর হবে—সে জন্য ব্যবসায়ীরা আরও সময় চাইছিলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এই সময় চাওয়ার অর্থ হচ্ছে বিষয়টিকে ঝুলিয়ে দেওয়া। তবে বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছেন, পরিবেশক পদ্ধতি চালু হবেই। সময়ের দরকার হলে বরং দুই দিন পর তাঁরা আবারও বৈঠকে বসতে পারেন। বাণিজ্যসচিব জানান, নতুন পদ্ধতিতে যেতে কিছু সময়ের প্রয়োজন। ব্যবসায়ীদের আরও কথা রয়েছে। কাল মঙ্গলবার আবারও বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকেই পরিবেশক নিয়োগ নীতিমালা চূড়ান্ত করা হবে। গোলাম হোসেন বলেন, বৈঠকে ডিওর পরিবর্তে যে পরিবেশক পদ্ধতি হবে—এ ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। আলোচনা হয়েছে পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতি নিয়েও। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। মূল্য নির্ধারণের জন্য ৪৫ দিন নাকি ৯০ দিনকে ভিত্তি ধরা হবে তা ঠিক হয়নি। পরিবেশকব্যবস্থা চালুর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম মর্তুজা রেজা চৌধুরীকে প্রধান করে একটি কমিটি করে দেওয়া হয় গত ১৪ অক্টোবর। এ কমিটি একটি খসড়া নীতিমালা তৈরি করে সাধারণ জনগণের মতামত চেয়েছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে বিরোধিতা থাকলেও নীতিমালার ব্যাপারে মেট্রো চেম্বার ছাড়া অন্য কোনো চেম্বার বা সমিতি কোনো মতামত দেয়নি বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। খসড়ায় বলা হয়েছে, প্রত্যক পণ্যের মোড়কের গায়ে বাধ্যতামূলক খুচরা সর্বোচ্চ মূল্য এবং মেয়াদোত্তীর্ণের সময়কাল উল্লেখ থাকতে হবে। প্রত্যেক প্রতিষ্ঠান প্রতি উপজেলায় একজন করে এবং সিটি করপোরেশন ও পৌরসভার ক্ষেত্রে প্রতি থানায় একজন করে পরিবেশক নিয়োগ করতে পারবেন। এ ব্যবস্থা তদারক করতে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তিন স্তরের কমিটি থাকবে। কমিটি মাসে একবার পণ্যের সরবরাহ, উৎপাদন ও বিপণনের তথ্য নিয়ে বৈঠক করবে। কেন্দ্রীয় কমিটি বাণিজ্যসচিবের নেতৃত্বে, জেলা কমিটি জেলা প্রশাসকের নেতৃত্বে এবং উপজেলা কমিটি উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে পরিবেশকদের তদারক করবে। বাণিজ্যসচিব আরও জানান, ভোজ্যতেলের ক্ষেত্রে পলিব্যাগে মোড়কজাত করার মতামত এসেছে। কারণ বোতলে দাম একটু বেশি পড়ে। তা ছাড়া পলিব্যাগে ওজন নিয়ে কারচুপি হবে না। একজন আরেকজনের পণ্যও বিক্রি করতে পারবে না। যেহেতু উপজেলা চেয়ারম্যানরা উপজেলা তদারক কমিটির প্রধান থাকবেন, তাই পরিবেশক নিয়োগে পরোক্ষভাবে হলেও রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকবে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান বাণিজ্যসচিব।