পরিবেশদূষণের দায়ে এক কোটি ছয় লাখ টাকা জরিমানা
দূষণের মাধ্যমে পরিবেশের বিপর্যয় ঘটানোর অপরাধে গাজীপুরের কালিয়াকৈরে চারটি শিল্পকারখানাকে এক কোটি ছয় লাখ টাকা ক্ষতিপূরণের দণ্ড দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার ওই চার কারখানায় আকস্মিক অভিযান চালান অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।অভিযানে ওই চার ডায়িং ও টেক্সটাইল কারখানায় ‘মারাত্মক দূষণের’ প্রমাণ পান তাঁরা। চারটির একটি কারখানায়ও বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) কার্যকর ছিল না। একটি কারখানাও পরিবেশগত ছাড়পত্র নেয়নি।তাদের সর্বোচ্চ তিন মাসের মধ্যে ইটিপি স্থাপন ও ত্রুটি দূর করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে ইটিপির ত্রুটি দূর না করলে গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা বন্ধ করে দেওয়া হবে।দণ্ড পাওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলো হলো: সাদমা ফ্যাশনওয়্যার, সুরিচালা টেক্সটাইল লিমিটেড, গোমতী টেক্সটাইল অ্যান্ড ডাইং এবং সাদাত কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানের মালিক পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ওই চার কারখানা পরিবেশের জন্য বিপজ্জনক ‘লাল শ্রেণীভুক্ত’। কারখানাগুলোকে এর আগেও ইটিপি স্থাপন ও দূষণ নিয়ন্ত্রণের জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। তিনি বলেন, তাঁদের অনুসন্ধানে ওই চার কারখানা থেকে তিন দশমিক ৩৫ লাখ ঘনমিটার রাসায়নিকমিশ্রিত দূষিত তরল বর্জ্য নির্গমনের প্রমাণ পাওয়া গেছে। এসব কারখানার বর্জ্য পানি, নর্দমা ও খাল হয়ে মকশবিলে গিয়ে পড়ছে। এতে বিলের পরিবেশ বিপর্যস্ত হচ্ছে।অধিদপ্তর সূত্র জানায়, মৌচাক এলাকায় প্রায় ১০ একর জায়গায় সাদমা ফ্যাশনওয়্যার। প্রথমে এটি ছিল পোশাকশিল্পের কারখানা। ২০০৮ সালে এটিকে ডাইং কারখানায় রূপান্তর করা হয়। কিন্তু এ ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদনও করেনি প্রতিষ্ঠানটি। এ শিল্পকারখানার মালিক বিজিএমইএর পরিচালকদের একজন। গতকাল অভিযান চালানোর সময় দেখা যায়, প্রতিষ্ঠানটিতে ইটিপি আছে। কিন্তু সেটি অকার্যকর করে রাখা হয়েছে। পরিবেশগত ছাড়পত্র না থাকা এবং ইটিপি সচল না থাকায় অধিদপ্তর প্রতিষ্ঠানটিকে ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণের দণ্ড দেয়।সফিপুর এলাকার গোমতী টেক্সটাইলে গিয়েও দেখা যায় একই চিত্র। পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ২০০৭ সাল থেকে প্রতিষ্ঠানটি চলছে। ইটিপি অকার্যকর। বর্জ্য সরাসরি পাশের নর্দমা হয়ে খাল দিয়ে গিয়ে পড়ছে বিলের পানিতে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৮ লাখ টাকা ক্ষতিপূরণের দণ্ড দেওয়া হয়। এ প্রতিষ্ঠানটির মালিকও বিজিএমইএর পরিচালকদের একজন।সিনাবহ এলাকার সাদাত কম্পোজিট এবং কারল সুরিচালা এলাকার সুরিচালা টেক্সটাইল লিমিটেডেও একই চিত্র দেখেছেন অধিদপ্তরের কর্মকর্তারা। এর মধ্যে সাদাত কম্পোজিটকে ২২ লাখ এবং সুরিচালাকে ২১ লাখ টাকা ক্ষতিপূরণের দণ্ড দেওয়া হয়েছে।