খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন
পরিবেশসহিষ্ণু প্রযুক্তি উদ্ভাবনে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির
বিশ্ব উষ্ণতায় পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে চলার জন্য লবণাক্ততা ও পরিবেশসহিষ্ণু প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি এই গুরুত্বারোপ করেন। খবর: বাসসসভাপতির ভাষণকালে রাষ্ট্রপতি বলেন, বিশ্ব উষ্ণায়নের নেতিবাচক প্রভাব এবং উপকূলীয় প্রাকৃতিক দুর্যোগে মূল্যবান জীবন ও সম্পদের ক্ষতির পরিমাণ কীভাবে সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়, তা নিয়ে গবেষণা করতে হবে।রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক জলবায়ুর নেতিবাচক প্রভাব আজ প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‘সিডর’ বা ‘আইলা’র মতো প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকায় আঘাত হেনে জীবন, সম্পদ ও পরিবেশকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছে। বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন আজ বিপন্ন।খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি জিল্লুর রহমান এ বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষকেরা এ বিষয়ে এগিয়ে আসবেন বলে দৃঢ় আশা ব্যক্ত করেন।সমাবর্তনে দুই হাজার ৫২৬ জন ছাত্রছাত্রীকে স্নাতক, স্নাতকোত্তর ও স্নাতকোত্তর ডিপ্লোমা দেওয়া হয়। একই সঙ্গে ভালো ফলের জন্য ২০ জনকে স্বর্ণপদক এবং প্রথমবারের মতো এ বিশ্ববিদ্যালয় থেকে দুজন ছাত্রকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়।