পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাই গাছ লাগান: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। আজ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১১-এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করতে বনায়নের কোনো বিকল্প নেই। বনায়নের মাধ্যমে উপকূলীয় অঞ্চলকে ঘূর্ণিঝড়ের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা সম্ভব। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বন্য প্রাণী রক্ষা ও সামাজিক বনায়নে তাঁর সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, একটি দেশের পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য ২৫ ভাগ বনের প্রয়োজন। অথচ বাংলাদেশের মোট আয়তনের মাত্র ১০-১২ ভাগ বনাঞ্চল। অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের কারণে এমনটা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রী সবাইকে একটি ফলদ, একটি বনজ ও একটি ভেষজ গাছ লাগানোর আহ্বান জানান।এর মাধ্যমে আজ থেকে ঢাকাসহ সারা দেশে শুরু হলো জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন ও বৃক্ষমেলা। বৃক্ষরোপণ আন্দোলন চলবে তিন মাস এবং বৃক্ষমেলা চলবে এক মাস। পরিবেশ ও বন মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।