ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ধর্ষণকারী শিক্ষক পরিমল জয়ধর ও তাঁর সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরিভিত্তিতে যৌন নিপীড়নবিরোধী নীতিমালার বাস্তবায়ন করারও দাবি জানায় তারা।আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের জন্য সংহতি মঞ্চ’ আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এ দাবি জানান। বক্তারা ছাত্রী ধর্ষণের প্রতিবাদের এ আন্দোলনকে বৃহত্তর আন্দোলনের সঙ্গে যুক্ত করার কথা বলেন।মঞ্চে বক্তব্য দেওয়ার সময় শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সমাজে ভীষণভাবে পচন ধরেছে। ছাত্রী যেখানে সবচেয়ে নিরাপদে থাকবে সেখানেই তারা নিরাপদ নয়। শুধু একজন ধর্ষক শিক্ষককে শাস্তি দিয়ে সমাজের এ ব্যাধির প্রতিরোধ করা যাবে না। এ আন্দোলনকে বড় আন্দোলনের সঙ্গে যুক্ত করতে হবে।তিনি কোচিং ব্যবসাকে উচ্ছেদের জন্য শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান।ভিকারুননিসা স্কুলের এক শিক্ষার্থী বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের কাছে আসেননি, কিন্তু বলছেন এ আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে। আমাদের কি বিবেক নাই? অন্যদিকে রাশেদ খান মেনন বিদেশ চলে গেলেন, তিনি যদি আন্তরিক হতেন তাহলে বিদেশ থেকেই পদক্ষেপ নিতেন। কিন্তু তিনি তা করেননি।’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মুহাম্মদ শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং কেন দরকার হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন।প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সমাবেশ আয়োজনকারী মঞ্চের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন।সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম, নিউএজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর, ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী, শ্রমিক নেত্রী মোশরেফা মিশু প্রমুখ বক্তব্য দেন।