পরিমলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী ধর্ষণের ঘটনায় করা মামলায় একজন সাক্ষ্য দিয়েছেন। আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আরিফুর রহমান ২৫ জুন পরবর্তী তারিখ ধার্য করেছেন। আজ ধর্ষণের শিকার ছাত্রীর বাবা মাহমুদুল হক আদালতে সাক্ষ্য দেন। এর আগে আসামি পরিমল জয়ধরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরিমলের পক্ষে আইনজীবী মাহফুজুর রহমান সাক্ষীকে জেরা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ তারিখ ধার্য করেন। সাক্ষী মাহমুদুল হক আদালতকে বলেন, গত বছরের ১৭ জুন বেলা ১১টায় পরিমলের কাছে কোচিং সেন্টার পড়তে তাঁর মেয়ে যায়। পরিমল ব্যস্ততার কথা বলে পাশের রুমে বসতে বলে। কিছুক্ষণ পর পরিমল ওই রুমে যান এবং ভেতর থেকে দরজা বন্ধ করে বাধা দেন। তখন শিক্ষক পরিমল জোর করে দরজা বন্ধ করে তাঁর মেয়েকে শারীরিকভাবে নির্যাতন ও ধর্ষণ করেন। তিনি আরও বলেন, তাঁর মেয়ে লজ্জায় এ ঘটনা প্রথমে কাউকে জানায়নি। পরে ১৯ জুন স্কুলে গিয়ে তার কয়েকজন সহপাঠীকে জানায়। সহপাঠীরা বিষয়টি বসুন্ধরা স্কুল শাখার প্রধান লুত্ফর রহমানকে জানাতে বলে। ২৭ জুন স্কুলের অধ্যক্ষ হোসনে আরাকে জানানো হলে তিনি তাঁর স্ত্রী ও বড় মেয়েকে হুমকি দেন। গত বছরের ২৮ মে ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার পাশে একতলা ভবনের একটি কক্ষে ওই স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীকে পাশবিক নির্যাতন করা হয়। ঘটনার ১৮ দিন পর গত বছরের ৫ জুলাই ছাত্রীর বাবা বাদী হয়ে বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় পরিমল জয়ধর, অধ্যক্ষ হোসনে আরা ও বসুন্ধরা শাখার প্রধান লুত্ফুর রহমানকে আসামি করা হয়। গত বছরের ৭ জুলাই কেরানীগঞ্জের একটি বাসা থেকে পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে।