পরিশোধিত লবণ আমদানির অনুমতি দিল সরকার
অপরিশোধিত লবণের পর এবার পরিশোধিত ভোজ্য লবণ আমদানির অনুমতি দিয়েছে সরকার। পাশাপাশি হ্যাচিং ডিম (এক দিন বয়সী বাচ্চা মুরগি) আমদানির সময়সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয় আজ বুধবার লবণ এবং গতকাল মঙ্গলবার ডিম আমদানির বিষয়ে দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করে। আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রককে চিঠি পাঠিয়ে মন্ত্রণালয় বলেছে, শিগগির এ বিষয়ে যেন গণবিজ্ঞপ্তি জারি করা হয়। পরিশোধিত ভোজ্য লবণ আমদানির ঋণপত্র (এলসি) খোলা যাবে আগামী ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত। হ্যাচিং ডিম আমদানির বিষয়ে গত ৪ জুন এবং অপরিশোধিত লবণ আমদানির বিষয়ে ৫ জুন জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী এলসি খোলার সময়সীমা ৩০ জুন।পরিশোধিত ভোজ্য লবণ আমদানির বিষয়ে চারটি শর্ত দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে—একজন আমদানিকারক সর্বোচ্চ ১০ হাজার টন লবণ আমদানি করতে পারবেন, এলসি খোলার তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে লবণ জাহাজীকরণ করতে হবে, এলসি খোলার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আমদানিকারককে এলসির সব তথ্য প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরকে জানাতে হবে এবং প্রতি দিনের এলসি খোলার তথ্য বাংলাদেশ ব্যাংক জরুরিভিত্তিতে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরকে জানাবে। উল্লেখ্য, অপরিশোধিত লবণের ক্ষেত্রেও কারখানা মালিকদের সর্বোচ্চ ১০ হাজার টন লবণ আমদানির জন্য সুযোগ দেওয়া হয়েছিল। হ্যাচিং ডিম আমদানি প্রসঙ্গে দুইটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। একটি হলো—এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মুক্ত দেশ থেকে সীমিত আকারে আমদানি করতে হবে। অন্যটি আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের পশুসম্পদ বিভাগ বা উপযুক্ত কর্তৃপক্ষের সনদ থাকতে হবে। এই সনদে উল্লেখ থাকতে হবে যে, এতে ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়া নেই।২০১১ সালের ৬ সেপ্টেম্বর লবণ আমদানি নিষিদ্ধ করে বাণিজ্য মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল, ৫ জুন সাময়িকভাবে তা স্থগিত করে দেওয়া হয়।বাংলাদেশ লবণ মিলমালিক সমিতি গত সোমবার সংবাদ সম্মেলন করে জানায়, দুই থেকে তিন দিনের মধ্যে সব ধরনের লবণের দাম কেজিতে তিন টাকা করে কমবে। আজও বাজারে মানভেদে ১৫ থেকে ৩৩ টাকা দরে লবণ বিক্রি হয়েছে। ভ্যাকুয়াম ইভাকুরেশন, মেকানিক্যাল ও সনাতনী পদ্ধতিতে পরিশোধিত—এই তিন ধরনের লবণ রয়েছে বাজারে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক মাসে লবণের দাম বেড়েছে ১৫ শতাংশ এবং এক বছরে বেড়েছে ৬৫ শতাংশ। আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর সূত্র জানায়, ১০ হাজার টন করে মোট আড়াই লাখ টন অপরিশোধিত লবণ আমদানির এলসি খোলা হয়েছে। রমজানের আগেই এসব লবণ দেশে এসে পৌঁছাবে। তখন দাম আরও কমবে।