সব শিক্ষার্থীরই মেধা আছেসৃষ্টিকর্তা সব মানব সন্তানকেই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন। মেধা শুধু শুধু বিকশিত হয় না, তার জন্য প্রয়োজন যথাযথ চর্চা আর শেখার আগ্রহ। কাজেই পরীক্ষায় ভালো করতে হলে বেশি বেশি করে লেখাপড়ার কোনো বিকল্প নেই। পাঠ্যপুস্তক যেমন ভালো করে বারবার পড়তে হবে, তেমনি জ্ঞান-বিজ্ঞানের জগৎ থেকে যেখানে যা পাওয়া যায় আহরণ করলে নিশ্চয়ই মেধার বিকাশ হবে।মুখস্থ করে নয়, আত্মস্থ করার জন্য পড়োমুখস্থ করলে একদিকে যেমন সত্যিকারের শেখা হয় না, তেমনি তা পরীক্ষার সময় কাজে নাও লাগতে পারে। তোমাদের জন্য এখন সৃজনশীল পদ্ধতি চালু আছে। তাই পাঠ্যবইগুলো বারবার বুঝে পড়লে পরীক্ষায় খারাপ হওয়ার কোনো সুযোগ থাকবে না। তোমাদের মধ্যে যারা নানা ধরনের গাইড বই পড়ছ অথবা প্রাইভেট কোচিংয়ের সহায়তা নিচ্ছ, তারা যদি ভালো করে যথাসময়ে পরিশ্রমের সঙ্গে পাঠ্যপুস্তকগুলো পড়ো, ক্লাসে মনোযোগ দিয়ে শিক্ষককে অনুসরণ করো, অভিভাবকদের কথা মেনে চলো, তাহলে গাইড বইয়ের প্রয়োজন হবে না। ভালো করে লেখাপড়া না করলে হাজারো গাইড বই তোমাদের কাজে আসবে না, ভালো রেজাল্ট হবে না।লেখাপড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ ও প্রকৃতি থেকেও শিখবেশুধু ঘরের কোণে বসে বা স্কুলের মধ্যে পুঁথিগত লেখাপড়া হতে পারে। কিন্তু তাতে তোমাদের শেখার জগৎটা সীমিত হয়ে যাবে। প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়, চেষ্টা করো শিখতে—গাছপালা, নদ-নদী, পশুপাখি, কীটপতঙ্গ সবকিছুই তোমাদের জ্ঞান-বিজ্ঞানের জগৎকে প্রসারিত করতে পারে।শুধু পড়াশোনা নয়, খেলাধুলাসহ সুস্থ বিনোদনও প্রয়োজনবইপত্র ভালো করে পড়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা বা সুস্থ বিনোদনের অভ্যাস পরীক্ষার প্রস্তুতির সময় তোমাদের মন-মানসিকতাকে উৎফুল্ল রাখবে, যা ভালো ফল করতেও সহায়ক হবে। তবে অহেতুক গল্পগুজব করে বা মোবাইল ফোনে লম্বা সময় নষ্ট করা মোটেই বুদ্ধির কাজ হবে না। আত্মবিশ্বাস হারাবে নাছোট হোক, বড় হোক, যেকোনো পরীক্ষায় ভালো করে উত্তীর্ণ হতে হলে প্রয়োজন আত্মবিশ্বাস। নিজের ওপর আস্থা রাখবে, পরিশ্রম করে পড়ালেখা করবে, বুঝে পড়বে, পরীক্ষার প্রশ্নপত্র বুঝে উত্তর দেবে—তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো ফল করবে। শুভ হোক তোমাদের সব প্রস্তুতি, সফল হোক সব প্রয়াস। নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান। সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার ২০০৮