ইনিংসে ৫০০ রান হয়েছে মাত্র দুবার। প্রথম পর্বে ফতুল্লায় রাজশাহীর বিপক্ষে ঢাকা করেছিল কাঁটায় কাঁটায় ৫০০। দ্বিতীয় পর্বে রাজশাহী এর শোধ তোলে! বগুড়ায় ঢাকার বিপক্ষে তারা ৬ উইকেটে করেছে সর্বোচ্চ ৫৩২/৬ (ডিক্লে.)। ইনিংস ব্যবধানে হারার ঘটনা মাত্র একটি। রাজশাহীর বিপক্ষে বগুড়ায় ইনিংস ও ১৫৭ রানে হেরেছিল ঢাকা। ফাইনালের আগে ২৯টি সেঞ্চুরি হয়েছে, এর ৪টি দেড় শ পেরেনো। সর্বোচ্চ ১৮৬ রানের ইনিংসটি রাজশাহীর ফরহাদ হোসেনের, প্রতিপক্ষ ছিল বরিশাল। ৯৯ রানে আউট হওয়ার যন্ত্রণা সইতে হয়েছে দুজনকে—সিলেটের ইমতিয়াজ হোসেন ও ঢাকার উত্তম সরকার। নড়বড়ে নব্বইয়ের ঘরে আউট হয়েছেন রাজিন (৯৩), অলক (৯২) আর নাজিমউদ্দিন (৯১)। সেঞ্চুরির দেখা পেতে পেতেও পাননি বরিশালের আরাফাত সালাউদ্দিন (৯৪) ও তারিক আহমেদ (৯২)। দুজনই ছিলেন অপরাজিত। দুটি ইনিংস-সেরা বোলিংই সিলেটের শাকের আহমেদের। চট্টগ্রামের বিপক্ষে ৭৮ ও বরিশালের বিপক্ষে ৮৭ রানে ৭টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। সর্বাধিক ৪ বার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন সোহাগ গাজী। দুই শতাধিক রানের জুটি হয়েছে ৪টি। সর্বোচ্চ ২৩৬ রানের জুটিটি নবম উইকেটে। প্রথম পর্বে রাজশাহীর বিপক্ষে এটা করেছেন ঢাকার মোহাম্মদ শরীফ ও মোশাররফ হোসেন। ২৪৩ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা ঢাকাকে ৫০০ রান এনে দেন নয় নম্বর ব্যাটসম্যান শরীফ (১৪৭*) ও ১০ নম্বরে নামা মোশাররফ (১০৪)।