বিডিআর বিদ্রোহের চার বছর পূর্ণ হলো আজ। ইতিমধ্যে বদলে গেছে অনেক কিছু। পরিবর্তিত পরিস্থিতি নিয়ে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের সঙ্গে কথা বলেছেন কামরুল হাসান।প্রথম আলো: বিদ্রোহের পর চার বছর পেরিয়ে গেল। পিলখানার অবস্থা বলতে গেলে এখনো স্বাভাবিক হয়নি। প্রধান ফটকে সেনাবাহিনী পাহারা দিচ্ছে। তাহলে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে।মহাপরিচালক: মহাপরিচালক হিসেবে আসার পর দেখলাম, আমার বাংলো সেনাবাহিনী পাহারা দিচ্ছে। আমি সেটা প্রত্যাহার করি। সৈনিক লাইনে কাঁটাতারের বেড়া ছিল সেটা সরিয়ে দিয়েছি। পিলখানার ভেতরে কোনো কাঁটাতারের বেড়া নেই। ভেতরে টাস্কফোর্সের সদস্যরা (সেনাসদস্য) ছিল, তাদের বলেছি তোমরা চলে যাও। তবে পরিস্থিতি একেবারে ২৫ ফেব্রুয়ারির আগের মতো না হলেও কাছাকাছি নিয়ে এসেছি। প্রথম আলো: এখন কত সেনাসদস্য পিলখানা ও ঢাকার বাইরে আপনাদের স্থাপনা পাহারা দিচ্ছেন?মহাপরিচালক: ঢাকার বাইরে পাহারায় কোনো সেনাসদস্য নেই। ঢাকায় কিছু সদস্য আছে। তাদেরও পর্যায়ক্রমে কমিয়ে নেওয়া হচ্ছে। এখানে ১৫০ জন পুলিশ ছিল, তাদের ফেরত পাঠানো হয়েছে। নৌবাহিনীর কিছু সদস্য আছে, তাদের ফেরত পাঠানো হচ্ছে। সশস্ত্র বাহিনী বিভাগ তাদের ফেরত দেওয়ার ব্যাপারে বিজিবির মতামত চেয়েছে। আমি বলেছি, পর্যায়ক্রমে এদের সরাতে হবে। প্রথম আলো: তাহলে পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে আসতে আর কত সময় লাগবে? প্রথম আলো: বিজিবির নিয়ন্ত্রণেই তো আছে। তবে সেনাবাহিনী কিছু সীমিত জায়গায় আছে। তারা গেটগুলো পাহারা দিচ্ছে।প্রথম আলো: চার বছর পার হলেও সেনাবাহিনী দিয়ে পিলখানা গেট পাহারা দেওয়াকে আপনি কীভাবে দেখেন?মহাপরিচালক: বলছি তো, তারা পর্যায়ক্রমে চলে যাবে। সশস্ত্র বাহিনী বিভাগ আমার মতামত চেয়েছে, আমরা মতামত দিয়েছি। তারা আর থাকবে না। কীভাবে তাদের নিয়ে যাওয়া হবে সেটা সশস্ত্র বাহিনী বিভাগ দেখছে। এ অবস্থাকে অস্বাভাবিক বলার কিছু নেই। প্রথম আলো: বিদ্রোহের সঙ্গে বিডিআরের গোয়েন্দারাও জড়িত ছিলেন। দুই কমিটির সুপারিশে বিডিআরের গোয়েন্দা শাখাকে ঢেলে সাজাতে বলা হয়েছিল, তার কি কিছু হয়েছে?মহাপরিচালক: হ্যাঁ, বিজিবি গঠনের পর এর গোয়েন্দা শাখাটি ঢেলে সাজানো হয়েছে। আগে সবকিছু ছিল পিলখানানির্ভর। এখন প্রতিটি অঞ্চলে (রিজিয়ন) গোয়েন্দা শাখা থাকছে। তারা উন্নত প্রশিক্ষণও পাচ্ছে।প্রথম আলো: বিদ্রোহের ঘটনায় কত লোক সাজা পেয়েছেন, কত লোকের চাকরি গেছে? মহাপরিচালক: বিদ্রোহের ঘটনায় এ পর্যন্ত ১০ হাজার ৮৭৮ জনের শাস্তি হয়েছে। এর মধ্যে ছয় হাজারের চাকরি গেছে।প্রথম আলো: এত বেশি লোকের শূন্যতা পূরণ করার জন্য আপনারা কী করছেন?মহাপরিচালক: আমরা লোক নিয়োগ করছি। ইতিমধ্যে তিন হাজারের বেশি লোক নিয়োগ করা হয়েছে। তিন হাজারের প্রশিক্ষণ চলছে। আরও লোক নেওয়া হবে। প্রথম আলো: চাকরিচ্যুত লোকজন সাজা শেষ হওয়ার পর ফিরে গিয়ে কী করছেন, সেটা কি আপনাদের নজরে আছে? মহাপরিচালক: সাজাপ্রাপ্তদের তথ্য আমরা প্রশাসনকে দিয়েছি। কেউ জেল থেকে বের হলে আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দিচ্ছি। গোয়েন্দা সংস্থাগুলোকেও সব তথ্য জানানো হচ্ছে যাতে তারা নজরদারি করে।প্রথম আলো: ফৌজদারি মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে কিছু বলুন। মহাপরিচালক: আমাদের কাছে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ রয়েছে। আমি নিশ্চিত, যারা এ অপরাধের সঙ্গে জড়িত তাদের অবশ্যই সাজা হবে। প্রত্যাশিত সাজার রায় আমরা পাবই। প্রথম আলো: যেসব কারণে বিদ্রোহে হয়েছিল, সেসব কারণ নিরসনে আপনারা কি কিছু করছেন...মহাপরিচালক: আপনারা কীভাবে বলছেন, আমি জানি না। এখানে মানুষ হত্যা করার কোনো কারণ ছিল না। তাহলে ওই বিষয়ের ওপর ভিত্তি করে এখানে কিছু করা হয়েছে কি না, এমন প্রশ্ন অবান্তর।প্রথম আলো: যেসব পরিবার তাদের স্বজন হারিয়েছে তাদের পাওনার বিষয়টি কি নজরদারি করা হচ্ছে?মহাপরিচালক: তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। সেনাবাহিনী তাদের জন্য সম্ভাব্য সব করছে।প্রথম আলো: বাহিনী পুনর্গঠনের কোনো কাজ কি বাকি আছে?মহাপরিচালক: এটা চলমান প্রক্রিয়া। বাহিনীর নতুন সাংগঠনিক কাঠামো হয়েছে। চারটি রিজিয়ন ও চারটি নতুন ইউনিট হয়েছে। আরও চারটি সেক্টর ও নয়টি ব্যাটালিয়ন তৈরির কাজ চলছে। এসব কাজ করতে সময় লাগবে, এক দিনে হবে না।প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।মহাপরিচালক: আপনাকেও।