বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি আজও সংঘাতময় রয়ে গেছে। আগামী সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক মানবাধিকার-বিষয়ক প্রতিবেদনে এ আশঙ্কা করা হয়েছে।ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে গতকাল সোমবার এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ প্রতিবেদনটি প্রকাশ করেন। ‘হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি: ২০১২ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস রিপোর্ট’ শীর্ষক ওই প্রতিবেদনে মানবাধিকার বিষয়ে ব্রিটিশ সরকারের নীতি ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে তা প্রয়োগের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। জাতিসংঘ ফোরাম ও দ্বিপক্ষীয় সম্পর্কের মাধ্যমে বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন দেশে কী ধরনের প্রতিকূলতা বিদ্যমান রয়েছে, তা এই প্রতিবেদনে তুলে ধরা হয়ে থাকে। প্রতিবেদনে মানবাধিকার-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কিছু দেশের দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। এর মধ্যে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।প্রতিবদেনে বলা হয়েছে, স্বাধীনতার ৪০ বছর পরও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সংঘাতময় ও সহিংস রয়ে গেছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) হিসাবে, ২০১২ সালে দেশটিতে রাজনৈতিক সহিংসতায় ১৬৯ জন নিহত এবং ১৭ হাজারেরও বেশি লোক আহত হয়েছে। এসব সহিংসতা সাধারণভাবে গোষ্ঠীগত বা সাম্প্রদায়িক নয়। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল থাকায় বাংলাদেশে সহিংসতা ও ধ্বংসাত্মক তৎপরতা রাজনৈতিক মত প্রকাশের একটি গ্রহণযোগ্য মাধ্যমে পরিণত হয়েছে।বাংলাদেশে সমাবেশ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য তেমন কোনো বাধা নেই মন্তব্য করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটিতে ঘন ঘন হরতাল চাপিয়ে দেওয়া হয়, যেগুলো সহিংস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে রূপ নেয়। বিরোধীরা অভিযোগ করে আসছে, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে আইন প্রয়োগকারী সংস্থা শক্তি প্রয়োগ করছে। বিরোধী দলের হরতালের সময় বাসে অগ্নিসংযোগে এক বৃদ্ধের মৃত্যু এবং বিরোধী দলের কর্মী সন্দেহে হত্যাকাণ্ডের শিকার বিশ্বজিৎ দাসের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে প্রায়ই সহিংসতায় এভাবে নিরীহ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হন।গণতন্ত্রে রাজনৈতিক অংশগ্রহণ গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে স্থিতিশীল, গণতান্ত্রিক ও সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে যুক্তরাজ্য সবার সঙ্গে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। ব্রিটিশ সরকার এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতিসহ নির্বাচন-সম্পর্কিত সহিংসতা চিহ্নিত করতে নাগরিক গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে। সংসদসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও ব্যবস্থাকে শক্তিশালী করার কাজে সহযোগিতার কথা উল্লেখ করে প্রতিবেদনে সব দলের প্রতি নিয়মিত রাজনৈতিক সংলাপে বসতে এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে আহ্বান জানানো হয়েছে।প্রতিবেদনে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারনেস ভার্সি বলেছেন, বাংলাদেশে ২০১৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন রাজনৈতিক সহিংসতার চক্র ভেঙে বেরিয়ে আসার একটা সুযোগ তৈরি করে দিতে পারে। তিনি আরও বলেন, তাঁর সরকার বাংলাদেশে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহতভাবে পর্যবেক্ষণ করছে, যার কার্যপ্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারি সংস্থা বিভিন্ন ধরনের উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি তিনি এ-ও বলেন যে তাঁরা মৃত্যুদণ্ড বিলোপের জন্যও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো অব্যাহত রাখবেন।