পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হবে সরকার—হানিফ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। পরবর্তী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে তিনি মন্তব্য করেন। আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জামায়াতের ডাকা হরতালে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধনে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ। সারা দেশে তাণ্ডব পরিচালনাকারী জামায়াত-শিবিরের কর্মীদের উদ্দেশে হানিফ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে। ধৈর্যের বাঁধ ভাঙবেন না। প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর হবে।’ সহিংসতা বন্ধে কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমরা কাদের সঙ্গে আলোচনা করব। যারা দেশকে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতা উসকে দেয়, মদদ দেয়। তাদের সঙ্গে কোনো আলোচনা নয়।’আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত ভাবছে দেশে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টি করে তৃতীয় শক্তির উদ্ভব ঘটানো সম্ভব। তারা মনে করছে, তৃতীয় শক্তি ক্ষমতায় বসলে যুদ্ধাপরাধের দায়ে আটক ও দণ্ডাদেশপ্রাপ্তরা রক্ষা পেয়ে যাবে। বিএনপি-জামায়াত যে স্বপ্নে বিভোর হয়ে সারা দেশে নাশকতা চালাচ্ছে, তা কখনোই সফল হবে না। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ। আজ সকাল থেকেই আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল নিয়ে রাজপথে অবস্থান নেন।