পরিস্থিতি পর্যবেক্ষণের পক্ষে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে চারদলীয় জোটকে সক্রিয় করতে বিএনপিকে পরামর্শ দিয়েছে শরিক দলগুলো।সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পৃথক বৈঠকে জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জোটগতভাবে কর্মসূচির ওপরও গুরুত্বারোপ করেন। এসব বৈঠকে জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতা এবং বিএনপির মির্জা আব্বাস, শমসের মবিন চৌধুরী, শহীদ উদ্দীন চৌধুরীর গ্রেপ্তারসহ সরকারের ধরপাকড়ের বিষয়টি আলোচনায় এসেছে।তবে এ ব্যাপারে বিএনপি এখনই কোনো সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য প্রথম আলোকে বলেন, আপাতত যুগপৎ আন্দোলন কর্মসূচি পালনের ওপর জোর দিচ্ছে বিএনপি। জোটবদ্ধ হয়ে আন্দোলন কর্মসূচি দেওয়ার সময় এখনো আসেনি। তবে রাজনৈতিক কর্মসূচি পালনে বিএনপি শরিক দলগুলোর সহযোগিতা পাচ্ছে বলে এ নেতা জানান।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, শরিক দলগুলো চায় জোট সক্রিয় হোক। তবে বিএনপি মনে করে দলগুলো নিজেদের গুছিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালন করুক। তিনি বলেন, বিএনপি জোটের দলগুলোর পাশে আছে। যথাসময়ে জোট সক্রিয় হবে। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতারা এবং আগের দিন ইসলামী ঐক্যজোট নেতারা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। এর আগে ৩০ জুন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে জামায়াতের দুই কেন্দ্রীয় নেতা বৈঠক করেন। এর আগে ছোট ছোট আরও কয়েকটি দলের সঙ্গে বিএনপির বৈঠক হয়। ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রথম আলোকে বলেন, চারদলীয় জোট অনেক দিন ধরে নিষ্ক্রিয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে জোটের শরিকদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আলোচনা করেছেন। ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে জোটকে সক্রিয় করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বিএনপি এখন জোট সক্রিয় করার বিষয়টি অনুধাবন করছে। খালেদা জিয়া বলেছেন, এখন তো জোটের দলগুলোর সঙ্গে প্রায়ই আলোচনা হচ্ছে। সময়মতো জোটকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।’অবশ্য বিজেপি সভাপতি আন্দালিব রহমান জানান, জোট সক্রিয় করতে আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি। তবে বিভিন্ন আলোচনায় বিষয়টি ঘুরেফিরে আসছে। তিনি বলেন, আপাতত বিএনপি ঘোষিত কর্মসূচি পালনে জোটের শরিকেরা কাজ করছে।জামায়াত নেতাদের গ্রেপ্তারে প্রতিবাদে এখনই কর্মসূচি নয়: সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জামায়াতের তিন শীর্ষ নেতার গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি ও অন্য শরিক দলগুলো নিজেরা কোনো কর্মসূচি দেওয়ার কথা এখনো ভাবছে না। আপাতত জামায়াত ঘোষিত কর্মসূচিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত রয়েছে শরিকগুলোর মধ্যে।অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জামায়াত জোটের শরিক দল। হাস্যকর মামলায় জামায়াত নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং জামায়াতের কর্মসূচিতে সমর্থন দিয়েছে। তবে এ ঘটনার প্রতিবাদে বিএনপি একক বা জোটগতভাবে এখনই কোনো কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেয়নি।আবদুল লতিফ নেজামী বলেন, ইসলামী ঐক্যজোট আপাতত নিন্দা জ্ঞাপনের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ রাখতে চায়। তবে জামায়াত যে কর্মসূচি পালন করবে, তাতে জোটের শরিক হিসেবে ঐক্যজোট নৈতিক সমর্থন দেবে।