পরিস্থিতি বিচার করে ব্যবস্থা নেবে পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ইস্পাহানি মোড়ে গত সোমবার হেফাজতে ইসলামের কর্মীদের ওপর গুলি চালানো যুবলীগের নেতাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যুবলীগের ওই নেতার গুলিতে হেফাজতের বেশ কয়েকজন কর্মী আহত হন। তবে পুলিশ বলছে, ওই ঘটনার তদন্ত করে গুলি ছোড়ার প্রমাণ পেলে যুবলীগের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।জানা গেছে, হরতাল চলাকালে সোমবার সকালে চট্টগ্রাম নগরের লালখান বাজারে হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে যুবলীগের সংঘর্ষ বাধে। এ সময় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দিদারুল আলম ওরফে মাসুম (৪৩) হেফাজতের কর্মীদের লক্ষ্য করে শটগান থেকে গুলি ছোড়েন। সংঘর্ষের সময় যুবলীগের আরেক কর্মী সুমনের হাতে রামদা দেখা যায়। দিদারুলের পেছনে শটগানের বাঁট নিয়ে দাঁড়িয়ে ছিলেন যুবলীগের কর্মী সোহাগ। সংঘর্ষের একপর্যায়ে হেফাজতের নেতা-কর্মীরা ইস্পাহানি মোড় ছেড়ে আধা কিলোমিটার দূরে ওয়াসা মোড়ে অবস্থান নেন।অভিযোগ উঠেছে, সংঘর্ষ চলাকালে অদূরে অবস্থান করছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দিদারুল প্রকাশ্যে গুলি চালালেও পুলিশ ও বিজিবির সদস্যরা কোনো ব্যবস্থা নেননি। সংঘর্ষ শেষে সোমবার তিনি লালখান বাজার শহীদ মিনারের সামনে আওয়ামী লীগের সমাবেশেও বক্তব্য দেন। সেখানে আওয়ামী লীগের নগর শাখার সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশের কাছেই ছিলেন পুলিশ ও বিজিবির সদস্যরা। তখনো তাঁরা দিদারুলকে গ্রেপ্তার করেননি।চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দিদারুলের লাইসেন্স করা একটি আগ্নেয়াস্ত্র আছে। তিনি আত্মরক্ষার্থে নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়েন বলে বলা হচ্ছে। আত্মরক্ষার্থে লাইসেন্স করা অস্ত্র থেকে গুলি ছোড়া যায়। তবে ঘটনার সময় গুলি করার প্রয়োজন ছিল কি না, পুলিশ তদন্ত করে দেখছে। নিয়মের ব্যত্যয় হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘অস্ত্র তাক করার ছবি পত্রিকায় ছাপানো হয়েছে। এতে গুলি করেছে কি না, তা প্রমাণিত হয় না। তবে এ ঘটনায় আরও অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’ দিদারুল গুলি ছোড়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানতে চাইলে তিনি বলেন, ‘যদি তিনি গুলি করেছেন প্রমাণিত হয়, তাহলে তাঁকে গ্রেপ্তার করা হবে।’দিদারুল দাবি করেন, ‘নিজের জীবন বাঁচাতে আমি ফাঁকা গুলি করেছি। আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এলে হেফাজতের দুই শতাধিক কর্মী আমাকেসহ যুবলীগ ও ছাত্রলীগের কর্মী-সমর্থকের ওপর হামলা চালায়। তখন আমি গাড়ি থেকে শটগান এনে গুলি চালাই। গুলি না করলে হেফাজতের কর্মীরা আমাকে খুন করত।’হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সোমবার লালখান বাজারে সংঘর্ষ ও গুলির জন্য যুবলীগের নেতা দিদারুলসহ অজ্ঞাত আরও কয়েকজন কর্মীকে দায়ী করেন। তিনি বলেন, ‘দিদারুলসহ যুবলীগের অনেকে আমাদের দিকে গুলি চালায়। আশপাশের ভবনের ছাদ থেকেও ওরা আমাদের দিকে ঢিল ছোড়ে। এতে হেফাজতের সাতজন কর্মী আহত হয়। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’