জনবলস্বল্পতার কারণে প্রাণিসম্পদ অধিদপ্তর মাঠপর্যায়ে অ্যানথ্রাক্স-পরিস্থিতি সঠিকভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে পারছে না। সারা দেশে গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ার পর সীমিত জনবল দিয়েই পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে অধিদপ্তরকে।দেশের ৬৪ জেলার সরকারি পশু হাসপাতালে একজন করে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার (ডিস্ট্রিক্ট ভেটেরিনারি অফিসার—ডিভিও) পদ আছে, কিন্তু কর্মকর্তা নেই একজনও। অপরদিকে প্রতিটি হাসপাতালে একজন করে প্রাণিচিকিৎসক থাকার কথা থাকলেও ৩০টি হাসপাতালে তা নেই।প্রাণিসম্পদ অধিদপ্তরের জনবল-সংকট শুধু জেলা পর্যায়ে নয়, মাঠপর্যায়ে তা আরও প্রকট। অধিদপ্তর সূত্র জানাচ্ছে, সারা দেশে কর্মকর্তা ও মাঠকর্মীর এক হাজার ২৫২টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে শুধু চিকিৎসকের পদই খালি আছে ৪৩১টি। কর্মকর্তারা অবশ্য বলছেন, দেশে অ্যানথ্রাক্স মোকাবিলায় যথেষ্ট পরিমাণ টিকা তাঁদের কাছে আছে। আর এই টিকা দেশেই উৎপাদিত হয়। অ্যানথ্রাক্সে আক্রান্ত এলাকায় গবাদিপশুর মালিকদের যথাসম্ভব দ্রুত স্থানীয় পশু হাসপাতালে নিয়ে টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। গত ১৮ আগস্ট সিরাজগঞ্জের বেলকুচি ও কামারখন্দ উপজেলায় অ্যানথ্রাক্সের সংক্রমণ দেখা দেয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশে অ্যানথ্রাক্সে আক্রান্ত গরু ছিল ৪১টি ও ছাগল ৫৫টি। দেশে দুই কোটি ২৯ লাখ ৭০ হাজার গরু, দুই কোটি ২৪ লাখ ছাগল, মোষ ১৩ লাখ ও ২৮ লাখ ৭০ হাজার ভেড়া রয়েছে। অ্যানথ্রাক্সের ঝুঁকিতে থাকলেও মোষ ও ভেড়া এই রোগে আক্রান্ত হয়নি। এদিকে দেশের ১০টি জেলার ১৬টি উপজেলায় অ্যানথ্রাক্সের সংক্রমণ নিশ্চিত করেছে সরকার। এসব এলাকায় গতকাল পর্যন্ত ৫০৮ জন মানুষ অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন।প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ আলী প্রথম আলোকে বলেন, ‘গবাদিপশু বিভিন্ন কারণেই মারা যেতে পারে। কিন্তু এখন গরু মারা গেলেই মানুষ মনে করছে, তার কারণ অ্যানথ্রাক্স। এ বিষয়ে মানুষকে আরও সচেতন হতে হবে।’ তিনি বলেন, শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া চলছে।অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলা পর্যায়ে চিকিৎসক-সংকটের কারণে চিকিৎসা দিতে দেরি হচ্ছে। অনেক সময় চিকিৎসার জন্য গবাদিপশু বিভাগীয় পশু হাসপাতালে নিতে হয়। সময় বেশি লাগছে বলে অনেক ক্ষেত্রে প্রাণীর মৃত্যু হচ্ছে।মাঠকর্মীরা প্রাণীকে টিকা দেন; পাশাপশি সুস্থ ও অসুস্থ প্রাণীকে পৃথকভাবে রাখতে, খাওয়াতে, মৃত প্রাণী মাটিতে পুঁতে ফেলতে মানুষকে প্রশিক্ষণ দেন। সচেতনতা বাড়ানো তাঁদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে অধিদপ্তরের কর্মকর্তারাই স্বীকার করেছেন, মাঠপর্যায়ে কর্মীর স্বল্পতার কারণে অ্যানথ্রাক্সে আক্রান্ত এলাকাগুলোতে এসব সেবা ঠিকমতো দেওয়া সম্ভব হচ্ছে না।অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) সমর কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ‘সারা দেশে মাঠকর্মীর স্বল্পতার কারণে অনেক কাজই করা সম্ভব হয় না। তার পরও আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।’ পর্যাপ্ত পরীক্ষাগার নেই: প্রাণীর রোগ নির্ণয় করতে দেশে পরীক্ষাগার (এফডিআইএল) আছে সাতটি। কর্মকর্তারা বলছেন, গবাদিপশুর তুলনায় এই সংখ্যা নগণ্য। তাঁরা বলেন, প্রাণী অসুস্থ হলে প্রথমে নমুনা পাঠানো হয় বিভাগীয় পরীক্ষাগারে। আরও ভালো পরীক্ষা বা রোগ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য নমুনা পাঠানো হয় ঢাকার কেন্দ্রীয় পরীক্ষাগারে। এতে দীর্ঘদিন লেগে যায়। তত দিনে আক্রান্ত পশু মারা যায়। অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দেশের প্রতিটি জেলায় একটি করে এফডিআইএল এবং প্রতিটি উপজেলায় ছোট পরীক্ষাগার (মিনি ল্যাব) থাকা উচিত। তাতে স্থানীয়ভাবে দ্রুত রোগ নির্ণয় করা যেত। জবাইয়ের আগে পরীক্ষার ব্যবস্থা নেই: দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন হাজার হাজার পশু জবাই করা হয়। আক্রান্ত গবাদিপশু জবাই করলে, কাটাছেঁড়া করলে, মাংস খেলে মানুষের মধ্যেও অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ে। দেশের কয়েকটি জেলায় ইতিমধ্যে এই ঘটনা ঘটেছে। কিন্তু জনবলের অভাবে সারা দেশে জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা করতে পারছে না অধিদপ্তর।ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীতে এক হাজারের বেশি গরু, মোষ ও ছাগল জবাই করা হয়। এদের ৩০ শতাংশ ডিসিসি পরিচালিত পাঁচটি কসাইখানায় জবাই করা হয়। বাকিগুলো রাজধানীর কাঁচাবাজারে ব্যবসায়ীরা নিজেরাই জবাই করেন। পশু জবাইয়ের আগে প্রাণিচিকিৎসকের পশুর স্বাস্থ্য পরীক্ষা করার বিধান আছে। ডিসিসির এমন চিকিৎসক আছেন মাত্র দুজন।