পরিস্থিতি সামাল দিতে বৈঠকে কংগ্রেস
ভারতের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থন প্রত্যাহারের ঘোষণার পর আজ বুধবার বৈঠকে বসেছে জোটের প্রধান দল কংগ্রেস। দিল্লিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন বলে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে।গতকাল মঙ্গলবার সংসদীয় দলের বৈঠকের পর সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেন জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসপ্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রীয় সরকারের দুর্নীতি, খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের অনুমতিদান ও জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে সমর্থন প্রত্যাহার করা হয়েছে বলে সাংবাদিকদের জানান মমতা। তিনি বলেন, আগামী শুক্রবার বিকেলে রাজধানী নয়াদিল্লিতে তৃণমূলের ছয়জন মন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র তুলে দেবেন। মমতা এটাও বলেন, সরকার যদি জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে, তা হলে তাঁর দল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।ইউপিএ জোটে তৃণমূলের একজন পূর্ণ মন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রী রয়েছেন। ৫৪৫ আসনের লোকসভায় বর্তমানে ইউপিএর আসনসংখ্যা ২৭৩। তবে তৃণমূল জোট ছেড়ে গেলে এই সংখ্যা ২৫৪-তে নেমে আসবে। বিশ্লেষকেরা বলছেন, তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপের পর সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির ওপর ইউপিএ জোটের নির্ভরতা বেড়ে যাবে। এই দুই দলের সমর্থন নিয়ে কংগ্রেস এখনো সংখ্যাগরিষ্ঠতা বহাল রেখে সরকার চালাতে পারবে। এই দুই দলের নেতাদের সরকারে যোগ দেওয়ারও আহ্বান জানানো হতে পারে।তৃণমূলের দুই মন্ত্রী আজই দিল্লির উদ্দেশে কলকাতা ছেড়েছেন। তাঁরা জানিয়েছেন, পদত্যাগের আগে কিছু কাজ সারার জন্য তাঁরা দিল্লি যাচ্ছেন।গতকাল সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সভানেত্রী ও ইউপিএর চেয়ারপারসন সোনিয়া গান্ধী বৈঠক করেছেন। এতে মন্ত্রিসভায় রদবদল করার বিষয়ে সোনিয়া ও মনমোহন একমত হয়েছেন। বৈঠকে মনমোহন সিং বলেছেন, খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের অনুমতিদান-সংক্রান্ত সিদ্ধান্ত থেকে তিনি সরে আসবেন না।কয়েকটি সূত্র জানিয়েছে, সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তৃণমূলের সঙ্গে আলোচনার চেষ্টা চালাবে কংগ্রেস। কংগ্রেস আশা করছে, ক্ষমতাসীন জোট থেকে তৃণমূল নিজেদের পুরোপুরি প্রত্যাহার করে নেবে না। খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের অনুমতিদান ও জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে শরিকদের সঙ্গে কংগ্রেসের কোনো ধরনের আলোচনা না করার অভিযোগ এনেছেন মমতা ও মুলায়েম সিং যাদব।বিশ্বের অন্যতম বৃহত্ অর্থনীতির দেশ ভারতের ঝিমিয়ে পড়া অর্থনীতির চাকা সচল করতে গত সপ্তাহে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মতো বড় ধরনের সংস্কার কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচি ঘিরে কংগ্রেস ও শরিকদের সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়। তৃণমূল সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার ঘোষণা দেওয়ায় ভারতে রাজনৈতিক সংকটের ঝড় ওঠার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। তবে এ মুহূর্তে মনমোহন সরকারের পতনের আশঙ্কা নেই বলেও মনে করছেন তাঁরা।