আগামী দুই দিনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে আশুলিয়ার সব কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন পোশাকশিল্প মালিকেরা। এ ছাড়া এই মুহূর্তে পোশাকশ্রমিকদের বেতন বাড়ানো সম্ভব নয় বলেও জানিয়ে দিয়েছেন তাঁরা।তৈরি পোশাকশিল্প কারখানার উদ্ভূত শ্রম পরিস্থিতি বিষয়ে জরুরি মতবিনিময় সভায় আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত হয়। এতে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্যরা উপস্থিতি ছিলেন। বিজিএমইএ কার্যালয়ের মিলনায়তনে বিকেলে এ সভা হয়। সভা শেষে রাত আটটায় বিজিএমইএ সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন পোশাকশিল্প মালিকদের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। এ সময় এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ রপ্তানিকারক সমিতির সভাপতি আবদুস সালাম মুর্শেদী, বিকেএমইএ সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আগামী শনিবার ও পর দিন রোববারের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয়, কারখানা ঠিকমতো না চলে ও উৎপাদন ব্যাহত হয়, তবে আশুলিয়ার সব কারখানা বন্ধ করে দেওয়া হবে। শ্রম আইনের ১৩(১) ধারায় এটা করতে বাধ্য হবে পোশাকশিল্প মালিকেরা।’