পরিস্থিতির উন্নতি না হলে বাজার হারাবে পোশাক খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণকে কেন্দ্র করে শিল্প খাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বিদেশের বাজার হারাবে দেশের তৈরি পোশাক খাত।গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া যৌথ বিবৃতিতে নয়জন ব্যবসায়ী নেতা বলেন, কয়েক বছর ধরেই শ্রমিক-অসন্তোষ দেশের একটি সাধারণ বিষয়। বারবার এমন ঘটনা ঘটছে। অথচ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এখন পর্যন্ত ভালো কোনো উদাহরণ তৈরি হতে দেখা যায়নি। জাতির বৃহত্তর স্বার্থে, যেকোনো মূল্যে আইনকে নিজের হাতে তুলে নেওয়ার এ ধরনের সংস্কৃতি বন্ধ হওয়া উচিত।যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক। রপ্তানি-আয়ের ৮০ শতাংশ আসে এ খাত থেকে। খাতটিতে কর্মসংস্থান হয়েছে ২৫ লাখ মানুষের। এ অবস্থায় বিদ্যমান অসন্তোষ নিরসনে সরকারকে আরও দায়িত্ব নিয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা।বিবৃতিতে বলা হয়, তৈরি পোশাক খাতের শ্রমিকেরা অনেক দিন থেকেই বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। গত ৩০ জুলাই সর্বনিম্ন মজুরি তিন হাজার টাকা ঘোষণা করা হয়, যা বিদ্যমান সর্বনিম্ন মজুরি এক হাজার ৬৬২ টাকা ৫০ পয়সার তুলনায় ৮০ শতাংশ বেশি। সরকার, বিজিএমইএ, বিকেএমইএ এবং শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে বেশ কয়েকটি বৈঠকের সুপারিশে এ মজুরিকাঠামো করা হয়। শেষ পর্যন্ত গত ৩০ জুলাই তা ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। কিন্তু নতুন মজুরিকাঠামো ঘোষণার দিন এবং তার পরের দিন ৩১ জুলাই পরিস্থিতির আরও অবনতি ঘটে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মজুরিকাঠামো ঘোষণার দিনই কিছু দুষ্কৃতকারী রাজধানীর গুলশান ও বনানীর তৈরি পোশাক কারখানা, এমনকি তৈরি পোশাকের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন কিছু প্রতিষ্ঠানেও হামলা চালায়। এ ঘটনা জনমনে আতঙ্ক ছড়ায় এবং দৈনিক উৎপাদন ও রপ্তানিতে ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলে। এ পরিস্থিতির দ্রুত উন্নতি করা না গেলে শিগগিরই বিদেশের বাজার হারাবে দেশের তৈরি পোশাক খাত। চেষ্টা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। তাদের আরও শক্তিশালী এবং পর্যাপ্ত রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাওয়া প্রয়োজন ছিল।ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করে বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে বা যারা এসব নাশকতামূলক ঘটনার জন্য দায়ী, তাদের খুঁজে বের করে অবিলম্বে শাস্তি দিতে হবে।বিবৃতিতে স্বাক্ষর করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি এম আনিস উদ্দৌলা, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি এ কে খান, বাংলাদেশ এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি রোকেয়া আফজাল রহমান, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) চেয়ারম্যান নাইমুল হক, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সহসভাপতি তাজুল ইসলাম ঢালী, বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আব্দুস সালাম মুর্শেদী, বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি এম এ সালাম।