পরিস্থিতির কারণে অসত্য সাক্ষ্য দিতে বাধ্য হই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলার সাক্ষী সার্জেন্ট হেলাল উদ্দিন বলেছেন, পরিস্থিতির কারণে ২০০৬ সালে তিনি আদালতে অসত্য সাক্ষ্য দিতে বাধ্য হয়েছিলেন। গতকাল সোমবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে আসামিপক্ষের জেরার জবাবে তিনি এ কথা বলেন। হেলাল উদ্দিনের জেরা অসমাপ্ত রেখেই গতকাল আদালতের কার্যক্রম শেষ হয়। আজ মঙ্গলবার আবার তাঁকে জেরা করা হবে।গতকাল দুপুর সাড়ে ১২টায় হেলাল উদ্দিনকে জেরা শুরু করেন আসামি মেজর লিয়াকতের আইনজীবী মোহাম্মদ আহসান ও কামরুল ইসলাম। মধ্যাহ্ন বিরতির পর তাঁকে জেরা করেন আসামি হাফিজুর রহমানের আইনজীবী মাহমুদুর রহমান। এরপর বিকেলে জেরা করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার। আইনজীবী মাহমুদুর রহমানের প্রশ্নের জবাবে হেলাল উদ্দিন বলেন, ‘২০০৬ সালের ২২ ও ২৩ মে ডান্ডাবেড়ি পরিয়ে আমাকে অসত্য সাক্ষ্য দিতে বাধ্য করা হয়। পরিস্থিতির কারণে সেই সময় অসত্য সাক্ষ্য দিয়েছি।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কার নির্দেশে অসত্য সাক্ষ্য দিয়েছিলাম তা মনে নেই।’ কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দেওয়ার সময় ডান্ডাবেড়ি ও হাতকড়া পরানো ছিল কি না জানতে চান আসামির আইনজীবী। এর উত্তরে হেলাল উদ্দিন বলেন, ‘হাতকড়া খোলা হয়, তবে ডান্ডাবেড়ি ছিল।’ এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামাল উদ্দিন আহাম্মদ সাংবাদিকদের বলেন, ‘সার্জেন্ট হেলাল উদ্দিন ও আলাউদ্দিনের কারণেই ১০ ট্রাক অস্ত্র উদ্ধার হয় ও অপরাধ সংঘটনের বিষয়টি শনাক্ত হয়। তাই তৎকালীন সরকারের আমলে প্রভাবশালী আসামিদের ইন্ধনে এই দুজনকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করাসহ নানাভাবে নির্যাতন করা হয়। এই পরিস্থিতির কারণেই সার্জেন্ট হেলাল উদ্দিন আদালতে অসত্য সাক্ষ্য দিতে বাধ্য হয়েছিলেন।’ ২০০৪ সালে ১ এপ্রিল রাতে চট্টগ্রামের সিইউএফএল জেটি ঘাটে অস্ত্র আটকের সময় সার্জেন্ট হেলাল উদ্দিন সংলগ্ন কয়লার ডিপো পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ওই রাতে জেটি ঘাটে অস্ত্র খালাসের ঘটনা প্রত্যক্ষ করেছিলেন সার্জেন্ট হেলাল উদ্দিন ও অপর সার্জেন্ট আলাউদ্দিন। ১০ ট্রাক অস্ত্র চালান থেকে দুটি একে-৪৭ বিক্রি করে দেওয়ার অভিযোগে সার্জেন্ট হেলাল ও সার্জেন্ট আলাউদ্দিনকে ২০০৫ সালে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় নোয়াখালীর সুধারাম থানায় তাঁদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছিল। পরে ২০০৭ সালের ১৩ নভেম্বর ওই মামলায় জামিনে মুক্ত হন সার্জেন্ট হেলাল। সুধারাম থানার মামলায় গ্রেপ্তার থাকা অবস্থায় আদালতে প্রথমবার সাক্ষ্য দেন সার্জেন্ট হেলাল। এর আগে গত ৩০ জুলাই আদালতে দেওয়া সাক্ষ্যে সার্জেন্ট হেলাল বলেছিলেন, ‘২০০৯ সালের ২৪ জুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আমি ও সার্জেন্ট আলাউদ্দিন মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের উপস্থিতিতে শনাক্তকরণ মহড়ায় (টিআই প্যারেড) ১৫-২০ জন আসামির সঙ্গে থাকা উলফা নেতা আবুল হোসেন পরিচয় দেওয়া মেজর লিয়াকতকে শনাক্ত করি।’ গতকাল সোমবার মেজর লিয়াকতের আইনজীবী মোহাম্মদ আহসান সার্জেন্ট হেলালকে প্রশ্ন করেন, ‘আপনি এবং সার্জেন্ট আলাউদ্দিন কি একত্রে টিআই প্যারেডের জন্য কারাগারে প্রবেশ করেছিলেন?’ এর জবাবে সার্জেন্ট হেলাল বলেন, ‘আলাদা আলাদাভাবে গিয়েছি।’বাবরের আইনজীবী সার্জেন্ট হেলালকে চাকরিতে যোগদান, বরখাস্ত হওয়া ও সুধারাম থানার মামলার বিষয়ে প্রশ্ন করেন। এর আগে দুপুর ১২টায় কড়া নিরাপত্তার মধ্যে সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ আসামিকে আদালতে হাজির করা হয়।