পরিহাসের পরিবহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুধবার বিকেল পাঁচটা। ঘণ্টাখানেক পরই ইফতার। প্রেসক্লাবের সামনে থেকে কল্যাণপুরে বাসায় ফিরবেন খাদ্য বিভাগের কর্মচারী আবুল কাশেম। রাস্তায় গাড়ি ঠাসা, কিন্তু আধঘণ্টা আগে অফিস থেকে বেরিয়েও কোনো গাড়ি পাচ্ছেন না। আবুল কাশেম জানালেন, বাসায় রিকশায় যাওয়ার সুযোগ নেই। সিএনজিচালিত অটোরিকশাচালকদের অনেক অনুরোধ করেও লাভ হয়নি। ট্যাক্সিক্যাব পাওয়াই যায়নি। তাই ভরসা কেবল বাস। কিন্তু কয়েকটি বাসে চেষ্টা করেও উঠতে পারেননি অত্যধিক ভিড়ের কারণে। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘সিএনজিচালকদের পায়ে ধরতে বাকি রেখেছি। বাসগুলোতে দাঁড়ানোর জায়গা নেই বলে থামাচ্ছে না। কষ্ট করে বাসে উঠতে পারলেও রাস্তায় কতক্ষণ জ্যামে পড়ে থাকতে হয় কে জানে। এই ঢাকায় আসলে বাস করার পরিস্থিতি নেই।’আবুল কাশেমের সঙ্গে কথা বলার আগে প্রায় দুই ঘণ্টা রাজধানীর শাহবাগ, বাংলামোটর, কারওয়ানবাজার, ফার্মগেট এলাকায় ঘুরে একই চিত্র দেখা গেছে। অসংখ্য ঘরমুখো মানুষ যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। যানজটের কারণে একেকটা বাস আসছে নির্ধারিত সময়ের অনেক পরে। শাহবাগে মাহমুদা সরদার নামে এক গৃহিণী বলেন, ‘বাস এলেই বলছে মহিলা সিট নাই।’ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, রাজধানীর মানুষের জন্য বাস-মিনিবাস আছে পাঁচ হাজার ১০৩টি, সিএনজিচালিত অটোরিকশা ১২ হাজার এবং ট্যাক্সিক্যাব সর্বোচ্চ এক হাজার ৫০০টি। রাজধানী ঢাকায় ২০০৯ সাল পর্যন্ত যানবাহনের নিবন্ধন দেওয়া হয়েছে পাঁচ লাখ ২৭ হাজার। এর মধ্যে প্রাইভেটকার দুই লাখের ওপরে এবং মোটরসাইকেলের সংখ্যা দুই লাখ ১৯ হাজার। বাকিগুলো ট্রাক, কাভার্ডভ্যান, হিউম্যান হলার, মিশুক। অর্থাৎ দেড় কোটি মানুষের ঢাকা শহরে সাধারণ মানুষের বাহন অতি নগণ্য। সিএনজিচালিত অটোরিকশা: গত বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে দাঁড়িয়ে দেখা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশা থামার সঙ্গে সঙ্গে একসঙ্গে পাঁচ-ছয়জন ছেঁকে ধরলেন। কিন্তু কাছাকাছি গন্তব্যে যাওয়ার কথা বললেই না বলে দিচ্ছেন চালক। দূরের গন্তব্যে হলে কয়েকগুণ বেশি ভাড়া হাঁকছেন। মৌচাকে একটি অটোরিকশা থেকে নামার পর কথা হয় ক্ষুদ্র ব্যবসায়ী ওমর ফারুকের সঙ্গে। তিনি জানান, মতিঝিল থেকে তিনি মৌচাকে এসেছেন ১০০ টাকায়। এখন অটোরিকশায় উঠলেই ১০০ টাকা ভাড়া দিতে হয় বলে ক্ষোভের সঙ্গে জানান তিনি। মতিঝিল থেকে গুলিস্তান-পল্টন ঘুরে এলেও মৌচাকের দূরত্ব হয় মাত্র ৫ দশমিক ৪ কিলোমিটার। ট্যাক্সিক্যাব: সরকার অটোরিকশার পরিবর্তে ট্যাক্সিক্যাব সেবাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। নতুন আরও তিন হাজার ৭৪০টি ট্যাক্সিক্যাব নামানোর মাধ্যমে ট্যাক্সিক্যাব সেবা পুনরুজ্জীবিত করতে চায় যোগাযোগ মন্ত্রণালয়।তবে বিআরটিএ সূত্র জানায়, খুব শিগগিরই এ খাতের বড় ধরনের উন্নতির কোনো সম্ভাবনা নেই। মধ্যবিত্তের বাহন হিসেবে সরকার ১৯৯৭ সালে রেয়াতি শুল্কে (বিশেষ শুল্কসুবিধা দিয়ে) ট্যাক্সিক্যাব আমদানি এবং তা পরিচালনার সুযোগ দেয়। কয়েক বছরের ব্যবধানে ঢাকায় প্রায় ১১ হাজার ২৬০টি ট্যাক্সিক্যাব নামে। বিআরটিএ সূত্রে জানা গেছে, ঢাকায় বর্তমানে দেড় হাজার হলুদ, নীল ও কালো ট্যাক্সিক্যাব অনিয়মিতভাবে চলাচল করে। যাত্রীরা বরাবরই অভিযোগ করে থাকে, নোংরা, ভাঙাচোরা এবং আসনের দুরবস্থার কারণে এগুলোতে উঠলে গা গুলিয়ে যায়। বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান প্রথম আলোকে বলেন, সরকার ট্যাক্সিক্যাব খাত উন্নত করার লক্ষ্যে বিদেশি বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে কথা বলছে। নীতিমালা পরিবর্তন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।রিকশা: রাজধানী পূর্ব গোরানের বাসিন্দা আতাউর রহমান জানান, এক বছর আগেও গোরান থেকে মতিঝিলে রিকশা ভাড়া ছিল ২৫-৩০ টাকা। বর্তমানে ভাড়া হয়ে গেছে ৪৫-৫০ টাকা। এরপরও রিকশা পেতে অন্তত আধঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। বিকল্প ব্যবস্থা না থাকায় এই ভোগান্তিকে ভাগ্যের লিখন হিসেবে বেছে নিতে হচ্ছে। জাপানি সাহায্য সংস্থা জাইকার এক সমীক্ষায় দেখা গেছে, ঢাকার মানুষ দৈনিক প্রায় দুই কোটি ২৩ লাখ বার যানবাহনে চড়ে স্থান পরিবর্তন করে। এই স্থান পরিবর্তনের ৪০ ভাগই করে থাকেন যাঁদের মাসিক আয় ২০ হাজার টাকার নিচে। রাজধানীর বাসিন্দারা তাঁদের যাতায়াতের ৩৮ শতাংশই সারেন রিকশায়। তাঁদের পরিবহনের জন্য আছে পাঁচ থেকে ছয় লাখ রিকশা। অথচ ঢাকায় নিবন্ধিত রিকশার সংখ্যা প্রায় ৮০ হাজার। বাসে যাতায়াত করেন ২৮ ভাগ। এ জন্য বাস-মিনিবাস আছে পাঁচ হাজারের কিছু বেশি। আর হেঁটে গন্তব্যে যান ২০ শতাংশ মানুষ। বাকি বাহনগুলোতে যাতায়াতের পরিমাণ দুই থেকে সাত শতাংশের মধ্যে। অথচ রাজধানীতে এই বাকি বাহনগুলোর মধ্যে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংখ্যা চার লাখেরও বেশি। এই বিস্ময়কর তথ্যের সঙ্গে সঙ্গে আরও উদ্বেগজনক বিষয় হলো, প্রতিদিন রাজধানীতে যোগ হচ্ছে দেড় শ’ ছোট গাড়ি। বাড়ছে সাধারণ মানুষের সংখ্যা, যাঁদের একমাত্র ভরসা নগরের অপ্রতুল গণপরিবহন।