পরীক্ষা এসে গেল বই পাওয়া হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্তরের প্রথম সাময়িক পরীক্ষা। পরীক্ষার আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও বগুড়ার আদমদীঘি উপজেলার মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের হাতে প্রয়োজনীয় পাঠ্যপুস্তক পৌঁছেনি। এ অবস্থায় পরীক্ষার ফলাফল কেমন হবে তা নিয়ে শঙ্কিত অনেক শিক্ষার্থী।আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মাধ্যমিক স্তরে ৩০টি উচ্চবিদ্যালয় এবং ১৪টি দাখিল মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসা ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১১ হাজর ২৯২ সেট বই প্রয়োজন। কিন্তু কয়েক কিস্তিতে বই এসেছে সাত হাজার ৯৫০ সেট। এখন পর্যন্ত তিন হাজার ৩৪২ সেট বই ছাত্রছাত্রীরা পায়নি। এ অবস্থায় শ্রেণীকক্ষে শিক্ষকেরাও পাঠ দান ও পাঠ গ্রহণ করতে পারছেন না। অপরদিকে বাজারে নোটবই বিক্রি নিষিদ্ধ থাকায় শিক্ষার্থীরা সেগুলোও পাচ্ছে না।সান্তাহারের পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, বর্তমান সরকার ছাত্রছাত্রীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণের যে সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু শিক্ষাবর্ষের চার মাস অতিবাহিত হলেও শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় সব বই না পৌঁছায় সমস্যা দেখা দিয়েছে।উপজেলার অন্তাহার দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট কাজেউদ্দীন বলেন, ‘আমার প্রতিষ্ঠানে এখনো প্রচুর বইয়ের সংকট রয়েছে। প্রতিদিন ছাত্রছাত্রীরা বইয়ের জন্য অফিসে এসে হইচই করে। কিছু করতে পারি না।’ তিনি জরুরি ভিত্তিতে বাকি বই সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।সান্তাহার আহসান উল্লাহ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সারমিন আক্তার জানায়, এ পর্যন্ত সে মাত্র পাঁচটি বই পেয়েছে। সারমিন বলে, ‘পরীক্ষার আর মাত্র কয়েক দিন বাকি। সব বই না পেলে পরীক্ষা দেব কী করে?’সান্তাহারের এক অভিভাবক রফিকুল ইসলাম বলেন, সরকার সময়মতো ছাত্রছাত্রীদের বই দিতে পারছে না। আবার বাজারেও বই পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় ছেলেমেয়েরা লেখাপড়া করবে কীভাবে?সমস্যার কথা স্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, প্রয়োজনীয় বইয়ের জন্য জেলা শিক্ষা কার্যালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত উপজেলায় বই এসে পৌঁছেনি। তিনি বলেন, বই পাওয়া মাত্র সব প্রতিষ্ঠানে দ্রুত তা পাঠানো হবে।