পরীক্ষা কেন্দ্রের টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে জেএসসি পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শকদের সম্মানীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেন্দ্রসচিবের বিরুদ্ধে। কক্ষ পরিদর্শকেরা পরীক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। জানা গেছে, উপজেলার দুটি পরীক্ষা কেন্দ্রে ৭৬৩ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য বোর্ড থেকে প্রত্যেক শিক্ষার্থী বাবদ ১০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। ৩০ জন পরিদর্শক দায়িত্ব পালন শেষে তাঁদের হাতে প্রতিদিনের সম্মানী বাবদ প্রথমে ৫০ টাকা, পরে আপত্তির কারণে পাঁচ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করে দেওয়া হয়। পরীক্ষার্থী অনুযায়ী এখানে আয় হয় মোট ৭৬ হাজার ৩০০ টাকা। একাধিক পরিদর্শক বলেন, মাত্র ১৫ হাজার টাকা সম্মানী দিয়ে বাকি ৬১ হাজার টাকা বিভিন্ন খাতে অতিরিক্ত খরচ দেখিয়ে আত্মসাৎ করেন কেন্দ্রসচিব গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. জহুরুল ইসলাম। বরাট চৌধুরী আবদুল হামিদ একাডেমির সহকারী শিক্ষক রফিকুল ইসলাম অভিযোগ করেন, ‘আমাদের মাত্র ৫৫ টাকা করে দিয়ে বাকি টাকা বিভিন্ন খরচ দেখিয়ে কেন্দ্রসচিব আত্মসাৎ করেছেন। ওই টাকা গ্রহণ না করে ২২ নভেম্বর আমরা ২৪ জন পরিদর্শক স্বাক্ষর করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’ পরীক্ষা কেন্দ্রসচিব ও গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জহুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হয়তো ব্যয়ের কিছু খাতে বেশি টাকা ধরা হয়েছে। এ থেকে বাঁচানো হলে পরিদর্শকেরা সর্বোচ্চ ১০ টাকা বেশি পেতেন।’ এ ব্যাপারে পরীক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর উভয়ের সঙ্গে কথা বলে বোঝা গেছে, কিছু টাকা অতিরিক্ত খরচ দেখানো হয়েছে। এ বিষয়ে হল পরিদর্শকদের সঙ্গে সচিবের একটা সমঝোতা হয়েছে।’