পরীক্ষা চলছে রাজশাহীতে প্রার্থীরা ঘুরছেন চট্টগ্রামে!
ফেনীর মোহাম্মদ শফি উল্লাহ বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে জুনিয়র অডিটর ও টাইপিস্ট পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে আসেন। প্রবেশপত্রে তাঁর কেন্দ্রের নাম স্ট্যাম্পের মাধ্যমে বসানো হয় ‘শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ’। এর আগে ছাপার অক্ষরে লেখা ছিল ‘চট্টগ্রামে অবস্থিত’। চট্টগ্রামে এই কেন্দ্র ভেবে শফি উল্লাহ আসেন চট্টগ্রাম। কিন্তু গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম নগরে চষে বেড়িয়েও পরীক্ষা কেন্দ্র খুঁজে পাননি। পরে জানলেন, তাঁর প্রবেশপত্রে লেখা কেন্দ্রের নামে চট্টগ্রামে কোনো প্রতিষ্ঠানই নেই। কিন্তু তখন আর শফি উল্লাহর কিছু করার ছিল না। শফি উল্লাহর পরীক্ষার রোল নম্বর ৩৩১৩৪। তিনি যখন চট্টগ্রামে কেন্দ্র খুঁজে বেড়াচ্ছেন, তখন রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে চলছিল নিয়োগ পরীক্ষা। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে এই কেন্দ্রসহ রাজশাহীর তিনটি কেন্দ্রে নিয়োগ পরীক্ষা হয়। শফি উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার গ্রামের বাড়ি থেকে চট্টগ্রামে আসি। কিন্তু ঘোরাঘুরি করেও এই পরীক্ষা কেন্দ্রের কোনো অস্তিত্ব খুঁজে পাইনি।’ আরেক প্রার্থী নোয়াখালীর আবুল বাশার (রোল-৩২০২৬) বলেন, ‘চাকরি না পেলেও আফসোস থাকত না। কিন্তু পরীক্ষাই দিতে পারলাম না, এই আফসোস থেকে যাবে।’শফি, বাশারের মতো বিভ্রান্ত হয়ে চাঁদপুরের পরেশ চন্দ্র দেবনাথ (রোল-৩০০৬৫), চট্টগ্রামের আবদুল করিম (রোল-৩৫০২৮), ফেনীর শাহজাহান উদ্দিন (রোল-৩০১১১), শরীফুল ইসলামসহ (রোল-৩৩১২১) অনেকেই অডিটর পদে পরীক্ষা দিতে এসে কেন্দ্র না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যান।একইভাবে টাইপিস্ট পদের সব বিভাগের প্রার্থীদের পরীক্ষা কেন্দ্র ছিল রাজশাহী কলেজিয়েট স্কুল। কিন্তু কেন্দ্রের আগে চট্টগ্রামে অবস্থিত লেখা থাকায় অনেকে চট্টগ্রামে এসে ফিরে যান। নেত্রকোনার আবুল খায়েরের (রোল-১৬০১৩) প্রবেশপত্রে চট্টগ্রামে অবস্থিত রাজশাহী কলেজিয়েট স্কুলকে পরীক্ষা কেন্দ্র হিসেবে দেখানো হয়।প্রবেশপত্রে কেন্দ্র-বিভ্রান্তির কারণে ঠিক কতজন প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, তার সঠিক হিসাব পাওয়া যায়নি। তবে রেলওয়ের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, গতকাল যাঁদের নামে প্রবেশপত্র ছাড়া হয়েছে, তাঁদের প্রায় অর্ধেক পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।রাজশাহী রেলওয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জুনিয়র অডিটরের ৩৫টি পদে দুই হাজার ২০০ প্রার্থীর নামে প্রবেশপত্র ছাড়া হয়। এর মধ্যে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন প্রায় অর্ধেক। এ ছাড়া টাইপিস্ট পদে ১১২ জনের নামে প্রবেশপত্র ছাড়া হলেও উপস্থিত ছিলেন মাত্র ৬৮ জন। যোগাযোগ করা হলে রেলওয়ে রাজশাহী অঞ্চলের অর্থ উপদেষ্টা জোবায়ের আহমেদ খান বলেন, প্রবেশপত্রে শুধু স্ট্যাম্পে পরীক্ষা কেন্দ্রের নাম বসানো হয়েছে। কিন্তু ফরমে ‘চট্টগ্রামে অবস্থিত’ শব্দ দুটি লেখা থাকায় এই বিভ্রান্তি হয়। তিনি বলেন, যাঁরা পরীক্ষা দিতে পারেনি, তাঁদের জন্য খুব খারাপ লাগছে। আলাদা করে পরীক্ষা নেওয়ার সুযোগ না থাকলেও পরে নিয়োগ পরীক্ষা হলে তাঁদের বিষয়টি বিবেচনা করা হবে। এ জন্য তাঁরা প্রবেশপত্র রেখে দিলে ভালো হবে।রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ের অর্থ ও হিসাব বিভাগ পশ্চিমাঞ্চলের অধীনে জুনিয়র অডিটর পদে নিয়োগের নির্বাচনী লিখিত পরীক্ষা গতকাল রাজশাহীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কেন্দ্র তিনটি হলো—রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ। শেষের পরীক্ষা কেন্দ্রটি চট্টগ্রাম বিভাগের সব জেলার প্রার্থীদের পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়। এ নিয়োগের নির্বাচনী কমিটি প্রার্থীর নামে প্রবেশপত্র ছাড়ার সময় ‘শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ’ উল্লেখ করে, যার শুরুতে ছাপার অক্ষরে ‘চট্টগ্রামে অবস্থিত’ লেখা ছিল। এ কারণে প্রার্থীরা চট্টগ্রামে পরীক্ষা হচ্ছে মনে করে দিনভর নগরে ঘোরাঘুরি করেন।