আইন প্রতিপালন ও পরীক্ষা ছাড়া সব ধরনের গাড়ি চালনার লাইসেন্স দেওয়া থেকে বিরত থাকার মেয়াদ আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিকে সড়ক দুর্ঘটনাসম্পর্কিত সংশ্লিষ্ট সংস্থার প্রতিবেদন দাখিলের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর আগে গত ১৭ আগস্ট হাইকোর্ট সড়ক দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক দফা নির্দেশনা দিয়ে আদেশ দেন। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ১৪ আগস্ট আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস কমিটির সভাপতি একটি রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত ১৭ আগস্ট রুল জারির পাশাপাশি কয়েক দফা নির্দেশনা দেন। সংশ্লিষ্টদের এ-সংক্রান্ত প্রতিবেদন ১৭ অক্টোবরের মধ্যে দাখিল করতে বলা হয়। পরে এসব মানবাধিকার সংগঠনের করা এক সম্পূরক আবেদনে গত ২৫ আগস্ট একই বেঞ্চ আইন প্রতিপালন ও পরীক্ষা ছাড়া সব ধরনের গাড়ি চালনার লাইসেন্স দেওয়া থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিরত থাকার নির্দেশ দেন। একই সঙ্গে গত পাঁচ বছরে কী প্রক্রিয়ায়, কিসের ভিত্তিতে গাড়ি চালনার লাইসেন্স দেওয়া হয়েছে, তা ১৭ অক্টোবরের মধ্যে জানাতে বিআরটিএসহ সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়। গতকাল যোগাযোগ মন্ত্রণালয় ও বিআরটিএ এবং সড়ক ও জনপথ বিভাগের পক্ষে প্রতিবেদন দাখিলের জন্য সময়ের আবেদন জানানো হয়। এই আবেদনের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল। আর রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। শুনানির পর ইতিপূর্বে দেওয়া ১০ দফা নির্দেশনার মধ্যে প্রথম চার দফার ব্যাপারে ২৯ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। চার নির্দেশনার মধ্যে রয়েছে গত পাঁচ বছরে কয়টি ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, কতটি লাইসেন্স নবায়ন করা হয়েছে, লাইসেন্স দেওয়া এবং নবায়নের ক্ষেত্রে যোগ্যতা কী ছিল, গাড়ির ফিটনেস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কী বৈশিষ্ট্য দেখা হয়েছে ইত্যাদি বিষয়। অন্য ছয় নির্দেশনার ব্যাপারে ১৪ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এসব নির্দেশনায় সড়কপথের ২১৬টি ‘ব্ল্যাকস্পটে’ দুর্ঘটনা রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, গত বছর এবং এ বছরে সংঘটিত সড়ক দুর্ঘটনার ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এসব দুর্ঘটনার কারণ তদন্ত করা হয়েছে কি না এবং সড়ক উন্নয়নে গত পাঁচ বছরের বাজেট বরাদ্দ ও খরচের বিবরণ জানাতে বলা হয়েছে। একই সঙ্গে আদালত ১৫ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন বলে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী ইকবাল কবির জানিয়েছেন।