পরীক্ষা ছাড়া পেশাদার লাইসেন্স নয়: হাইকোর্ট
আইন প্রতিপালন ও পরীক্ষা ছাড়া সব ধরনের গাড়ি চালনার লাইসেন্স দেওয়া থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিরত থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কয়েকটি মানবাধিকার সংগঠনের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. নূরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে গত পাঁচ বছরে কী প্রক্রিয়ায়, কীসের ভিত্তিতে গাড়ি চালনার লাইসেন্স দেওয়া হয়েছে, তা আগামী ১৭ অক্টোবরের মধ্যে হাইকোর্টকে জানাতে বিআরটিএসহ সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় চিত্রনির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ১৪ আগস্ট রিট আবেদনটি করা হয়। আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস কমিটির সভাপতি জেড আই খান পান্না আবেদনকারী হয়ে রিটটি করেন। ১৭ আগস্টের ওপর শুনানি নিয়ে আদালত কয়েক দফা নির্দেশনাসহ রুল জারি করেন। এর পরও পরীক্ষা ছাড়া লাইসেন্স দিতে চাপের কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করে এ বিষয়ে নির্দেশনা চেয়ে ২৩ আগস্ট আবার আবেদন করা হয়। এর ওপর শুনানি নিয়ে গতকাল আদালত অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও ইকবাল কবির লিটন।