পরীক্ষা দিতে এসে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে এসে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল ১০টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাতে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষা কমিটি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়। এ পরীক্ষায় মোট ১৬০টি আসনে সাত হাজার পরীক্ষার্থী ছিলেন।প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে গতকাল রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ সময় তারা নীলক্ষেত এলাকা থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্রের অর্ধেক উদ্ধার করে। পরে রাত তিনটার দিকে পরীক্ষা কমিটি এক বৈঠক করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়। আগামী ৫ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মালেক। তিনি জানান, এ ঘটনা তদন্তে দেলোয়ার হোসেন শেখকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, পরীক্ষার নতুন সময়সূচিতে আসন বিন্যাস অপরিবর্তিত থাকবে।