পরীক্ষা দিন ফল নিন—বিরোধী দলকে আমু
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই যে সুষ্ঠু নির্বাচন সম্ভব, তা আওয়ামী লীগ সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রমাণ করবে।’ বিরোধী দলকে সে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন পরীক্ষা দিন, ফলাফল নিন। যদি আমাদের কাঠগড়ায় দাঁড় করাতে পারেন তাহলে আমরা চিরদিনের জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি মেনে নেব।’তিনি বলেন ‘একমাত্র আওয়ামী লীগ সরকারের অধীনেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আগামী নির্বাচনে এটা প্রমাণিত হবে।’আজ সোমবার সকালে জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় আমু এসব কথা বলেন। বিরোধী দলের উদ্দেশে আমু বলেন, ‘আসুন, নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগকে পরীক্ষা করুন ও ফলাফল নিন। ফলাফল যদি ভালো না হয়, তাহলে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ পাবেন।’আমির হোসেন আমু দাবি করেন, ‘বিরোধী দল সংলাপ চায় না। সংলাপে বিশ্বাস করলে তারা সরকার পতনের হুমকি দেয় কেন? তারা বলেছে, ১১ জুনের পর এক দফার আন্দোলনে যাবেন। এর লক্ষ্য তত্ত্বাবধায়ক সরকার নয়, যুদ্ধাপরাধীদের মুক্ত করা।’আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, ‘যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন তার নিজস্ব গতিতে চলবে। কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।’তারানা হালিমের সভাপতিত্বে শোকসভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা হাজি মো. সেলিম, শাহ আলম প্রমুখ বক্তব্য দেন।