এসএসসি পরীক্ষা দেওয়া হলো না সুমন ফরাজীর (১৫)। পরীক্ষার এক দিন আগে গতকাল সোমবার যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী সুমন ও তার চাচাতো দুই ভাই কলেজছাত্র জিহাদুল ইসলাম (১৭) এবং ব্যবসায়ী ফিরোজ ফরাজী (১৬) প্রাণ হারায়। ভোলার লালমোহন উপজেলার গজারিয়ায় এ দুর্ঘটনা ঘটে।এদিকে শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস জেলা শহরের অষ্টমীতলা কোচ টার্মিনালের পার্শ্ববর্তী এক দোকানে ঢুকে পড়লে তিনজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন ক্ষতিগ্রস্ত দোকানের মালিক পূর্বশেরী মহল্লার মোকাছ মিয়া (৫৫), নওহাটা খোয়ারপাড় মহল্লার কাজল মিয়া (৪৫) ও সদর উপজেলার প্রতাবিয়া গ্রামের দানেশ আলী (৬৫)।লালমোহনে দুই ছাত্রসহ তিনজন নিহত: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুর পৌনে একটার দিকে মাদ্রাজ পরিবহনের একটি বাস চরফ্যাশন থেকে ভোলা শহরে যাচ্ছিল। বাসটি লালমোহনের গজারিয়া এলাকার সঙ্গীতা সিনেমা হলের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী জিহাদ, সুমন ও ফিরোজ মারা যায়। নিহত সবার বাড়ি লালমোহনের পশ্চিমচর উমেদ ইউনিয়নের গজারিয়ায়। এ ঘটনায় গজারিয়ার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বাসটি পুড়িয়ে দেয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গেলে জনতা তাঁদের গাড়িতেও অগ্নিসংযোগ করে। এ সময় তারা আরও কয়েকটি বাস ভাঙচুর করে। জনতা রাস্তায় গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন থানার পুলিশ একত্র হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচল রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বন্ধ ছিল।নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, সুমন ফরাজীর এ বছর গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। আজ মঙ্গলবার পরীক্ষা শুরু হচ্ছে। চার ভাইবোনের মধ্যে সে সবার ছোট। সুমনের চাচাতো ভাই জিহাদ ছিল ডা. আজাহার উদ্দিন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। পাঁচ ভাইবোনের মধ্যে সে তৃতীয়। আর ফিরোজ গজারিয়াবাজারে ব্যবসা করত। চার ভাইবোনের মধ্যে সে তৃতীয়।নিহত ব্যক্তিদের চাচাতো আরেক ভাই মহিন ফরাজী জানায়, স্কুল থেকে প্রবেশপত্র আনতে সুমন সকালে তার মায়ের পা ছুঁয়ে সালাম করে যায়। স্কুল থেকে প্রবেশপত্র নিয়ে বড় হুজুরের কবর (মাওলানা আবদুল বারী পীর সাহেব) জিয়ারত করতে যাওয়ার পথে সে সড়ক দুর্ঘটনার শিকার হয়। সুমনের সঙ্গে জিহাদ ও ফিরোজও গিয়েছিল পীরের কবর জিয়ারত করতে।গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বলেছেন, ‘সুমন মেধাবী ছিল। প্রবেশপত্র নিয়ে সব শিক্ষককে সালাম করে সে বড় হুজুরের কবর জিয়ারত করতে গেছে। কিন্তু এ বিদায়ই যে ওর শেষ বিদায় হবে, তা জানলে ওকে যেতে দিতাম না।’ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদউদ্দিন জানান, তাঁর ছাত্রসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় এলাকাবাসীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে তাঁরা পাঁচ দিনের শোক কর্মসূচি হাতে নিয়েছেন।জানা যায়, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিদ্দিকুর রহমান, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান, পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সাইফুদ্দিন ও বাস মালিক সমিতির নেতারা এলাকাবাসীর সঙ্গে বৈঠক করেছেন। এলাকাবাসীর দাবি, উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত এই পথে বাস চলাচল করতে দেওয়া হবে না।বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক এমদাদুল ইসলাম গতকাল বিকেলে জানান, এলাকাবাসীর সঙ্গে কয়েক দফা বৈঠকে বসেও তাঁরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। এলাকাবাসীকে বুঝিয়ে তাঁরা বাস চালু করার চেষ্টা করছেন।ওসি দেলোয়ার হোসেন খান জানান, সুমনের লাশ উদ্ধার করে ভোলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। তবে বাস চলাচল বন্ধ রয়েছে।জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম বলেন, সব পক্ষের সঙ্গে কথা বলে বাস চালু করার চেষ্টা চলছে।শেরপুরে দোকানে বাস, তিনজনের প্রাণহানি: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে যাত্রীবাহী একটি লোকাল বাস দ্রুতগতিতে শেরপুর শহরের অষ্টমীতলা কোচ টার্মিনাল অতিক্রম করছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মোকাছ মিয়ার দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোকাছ মিয়া ও কাজল মিয়া মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে মারা যান দানেশ আলী।এ ঘটনায় গুরুতর আহত শেরপুর পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল মইনুল হোসেন (৩০) ও বাসচালকের সহকারী উজ্জ্বলকে (১৬) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সদর থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আত্মীয়স্বজনের অনুরোধে লাশের ময়নাতদন্ত করা হয়নি। চালকের সহকারী বাসটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।