পরীক্ষা-নিরীক্ষা করে গাজায় ত্রাণসামগ্রী যেতে দিতে পারে ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবিষ্যতে ত্রাণবাহী জাহাজগুলোকে গাজা ভূখণ্ডে যাওয়ার অনুমতি দেওয়ার ব্যাপারটি বিবেচনা করছে। ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আজ রোববার দ্য জেরুজালেম পোস্ট জানায়, গাজা ভূখণ্ডে যাওয়ার শর্ত হিসেবে আগে এসব জাহাজকে ইসরায়েলের এশদদ বন্দরে নোঙর করতে হবে। সেখানে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জাহাজগুলো পরিদর্শন করে নিশ্চিত হবেন যে সেগুলো কোনো অস্ত্র পরিবহন করছে না।দ্য জেরুজালেম পোস্ট আরও জানায়, গত সোমবার গাজা অভিমুখী একটি ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি সামরিক আক্রমণ ও মাভি মারমারা জাহাজটি দখল করার পর থেকে বিশ্বব্যাপী এ ঘটনার নিন্দা ও সমালোচনার মুখে ভবিষ্যতে এ রকম নৌবহর নিয়ন্ত্রণ-সম্পর্কিত বেশ কয়েকটি পরিকল্পনার মধ্যে এটি অন্যতম।কয়েকটি কূটনৈতিক সূত্র পত্রিকাটিকে গতকাল শনিবার রাতে জানায়, এখনো এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এ নিয়ে প্রচুর চিন্তা-ভাবনা চলছে। অন্যদিকে একজন সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সিদ্ধান্ত যা-ই হোক, পরীক্ষা-নিরীক্ষা না করে কোনো মালামালই গাজা ভূখণ্ডে নিয়ে যেতে না দেওয়ার নীতি পরিবর্তন করবে না ইসরায়েল।