পরীক্ষা নিয়ে মেডিকেলে ভর্তি করার নির্দেশ
আগের নিয়মে ভর্তি পরীক্ষার মাধ্যমে চলতি শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন একক বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।আদালতে আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।পরীক্ষার মাধ্যমে ২০১২-১৩ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশনা চেয়ে ইউনুস আলী আকন্দ হাইকোর্টে আবেদন করেন। শুনানির পর গত ২৭ আগস্ট বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিভক্ত আদেশ দেন। জ্যেষ্ঠ বিচারপতি আবেদন মঞ্জুর করেন। অপর বিচারপতি আবেদন খারিজ করে দেন। পরে বিষয়টি প্রধান বিচারপতির কাছে যায়। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য ওই একক বেঞ্চে পাঠান। গতকাল বিষয়টি আদালতের কার্যতালিকায় আসে।আদালতে মোতাহার হোসেন ভর্তি পরীক্ষার মাধ্যমে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির সরকারি সিদ্ধান্তের কথা জানান। তবে আবেদনকারী ইউনুস আলী আকন্দ আদালতে উপস্থিত ছিলেন না। পরে আদালত আজ বিষয়টি শুনানির জন্য রাখেন। আজ শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন।২০১২-১৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে পরীক্ষা না নিয়ে জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয় সরকার। এর বৈধতা চ্যালেঞ্জ করে ইউনুস আলী আকন্দের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। রুলে জিপিএর ভিত্তিতে ২০১২-১৩ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়। পরে রিট আবেদনকারী ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে অপর আবেদনটি করেন। একই বিষয় নিয়ে মেডিকেলে ভর্তি-ইচ্ছুক এক শিক্ষার্থীর বাবা এ কে মিজানুর রহমানের করা অপর রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২৭ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন।