পরীক্ষা পেছানোর দাবিতে কুয়েটে ছাত্রদের ভাঙচুর, উপাচার্য ভবন ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রথম টার্মের পরীক্ষা পেছানোর দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা গতকাল শুক্রবার রাতে ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমগীরকে অবরুদ্ধ করে ব্যাপক ভাঙচুর ও মিছিল-সমাবেশ করেছে। রাতে ছাত্ররা হলগুলোর আলো নিভিয়ে দিয়ে উপাচার্যের বাসভবন ও পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগ ঘেরাও করে রাখে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমগীর আজ শনিবার দুপুরে বিভিন্ন বিভাগের প্রধান, ডিন, অধ্যাপক, পরিচালক ও প্রভোস্টদের সঙ্গে এক সভা করেন। সভায় বিশ্ববিদ্যালয়ে সেশনজটমুক্ত শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে বিভাগ ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২২, ২৩ ও ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধ্যাপক মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেছেন, তাঁর কাছে শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে। বৃহত্তর স্বার্থে তাঁদেরকে যথাসময়ে পরীক্ষা দিতে অনুরোধ করা হয়েছে। অনির্ধারিত বন্ধের জন্য বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এমনিতেই দুই মাস পিছিয়ে আছে। পরীক্ষা পেছানোর এই প্রবণতা থেকে বেরিয়ে না এলে শিক্ষার্থীরা সময়মতো তাদের শিক্ষাজীবন শেষ করতে পারবে না। কুয়েটের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, আগামী ২২, ২৩ ও ২৫ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রথম টার্মের পরীক্ষা হওয়ার কথা। কিন্তু রমজান মাসে পরীক্ষার প্রস্তুতি ভালো হয়নি, এ অজুহাতে শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ করেছেন। এদিকে কুয়েট কর্তৃপক্ষ জানায়, আগামীকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে ।